আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াত-এনসিপি সমর্থকদের ওপর হামলার প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

জামায়াত-এনসিপি সমর্থকদের ওপর হামলার প্রতিবাদ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জামায়াত-এনসিপি সমর্থকদের ওপর বিএনপির সন্ত্রাসী বাহিনীর নৃশংস হামলার ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পরিকল্পিত এই হামলায় হাসান জিহাদী, তানজিম হাসান, নাছির লিমনসহ একাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার ১১দলীয় ঐক্যজোট, কুড়িগ্রাম-২ এই প্রতিবাদ জানিয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার সূত্রপাত গত ১৩ তারিখ রাতে, যখন বিএনপির নেতাকর্মীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে উচ্চ শব্দে গান বাজিয়ে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষ চরম দুর্ভোগে পড়ে। এলাকাবাসী প্রতিবাদ জানালে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করলে বিএনপি ক্ষিপ্ত হয়ে ওঠে।

পরদিন রাত আনুমানিক ৮টার দিকে সরিষাবাড়ী এলাকায় পূর্বপরিকল্পিতভাবে যুবশক্তির সদস্য নাছির লিমনকে ঘরে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে হাসান জিহাদী, তানজিম হাসান ও ছাত্রশক্তির আহ্বায়ক হাসান মেহেদী ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও অতর্কিত হামলা চালানো হয়।

হামলাকারীদের হাতে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও বিভিন্ন মারাত্মক সরঞ্জাম ছিল। ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল মেম্বার, যুবদলের রিয়াজুল, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল, অপু সরকারসহ অর্ধশতাধিক সন্ত্রাসী এ হামলায় নেতৃত্ব দেয় বলে অভিযোগ রয়েছে।

আহতরা সম্পূর্ণ নিরস্ত্র ছিলেন। স্থানীয় সাহসী নারীরা জীবন বাজি রেখে আহতদের উদ্ধার করে একটি বাড়িতে আশ্রয় দেন, যা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সবচেয়ে উদ্বেগজনক বিষয়, প্রশাসনকে বারবার অবহিত করা হলেও তারা সময়মতো উপস্থিত হয়নি। প্রায় দুই ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়। এই বিলম্ব জনমনে গভীর প্রশ্নের জন্ম দিয়েছে।

আমরা স্পষ্টভাবে বলতে চাই, ভয়ভীতি ও সন্ত্রাসের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে দমিয়ে রাখার অপচেষ্টা কখনোই সফল হবে না। রাজারহাটে ত্রাসের রাজত্ব কায়েমের যে নীলনকশা বিএনপি আঁকছে, তা জনগণ মেনে নেবে না।

অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃহত্তর গণআন্দোলনের মাধ্যমে এই সন্ত্রাসের জবাব দেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন