ভারতের জন্য বোঝা হাসিনা: সারজিস আলম

ভারতের জন্য বোঝা হাসিনা: সারজিস আলম
সারজিস আলম।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছেন এবং ভারতও তাকে আর রাখতে চাইছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। তিনি দাবি করেন, বাংলাদেশে ফেরার জন্য নয়, বরং ভারত থেকে অন্য কোনো দেশে চলে যাওয়ার জন্যই শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন।

শনিবার এক রাজনৈতিক সমাবেশে দেওয়া বক্তব্যে সারজিস আলম এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বক্তব্যে শেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রসঙ্গে সারজিস আলম বলেন, শেখ হাসিনার সর্বশেষ যেটা হয়েছে, তিনি বলছেন এখন ডিসেম্বরে দেশে ঢুকবেন। কিন্তু তিনি জানেন যে ডিসেম্বরে ঢুকতে পারবেন না। এজন্য তিনি এখন পাসপোর্টের জন্য আইনজীবী দিয়ে আবেদন করিয়েছেন। যেন ডিসেম্বর পার হয়ে গেলে নেতাকর্মীদের বলতে পারেন যে, আবেদনটা তো করিয়েছিলেন, দেশে ফেরার চেষ্টা করেছিলেন।

তবে পাসপোর্টের আবেদনের প্রকৃত উদ্দেশ্য ভিন্ন বলে দাবি করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, আমরা যেটা শুনতে পেলাম, পাসপোর্টের আবেদনটা বাংলাদেশে ঢোকার জন্য নয়; বরং পাসপোর্ট ছাড়া যেহেতু অন্য দেশে যাওয়া যায় না, তাই অন্য দেশে যাওয়ার জন্যই তার পাসপোর্টটি প্রয়োজন।

ভারত ও অন্যান্য দেশের অবস্থান তুলে ধরে সারজিস আলম বলেন, শেখ হাসিনা ভারত থেকে অন্য দেশে চলে যেতে চাইছেন, কারণ ভারতও তাকে আর রাখতে চাইছে না; তিনি ভারতের বোঝা হয়ে গেছেন। তার মতে, শেখ হাসিনা একটি গণহত্যা ঘটিয়েছেন এবং বিএনপি, জামায়াতসহ দেশের অন্যান্য রাজনৈতিক দলের ওপর নির্যাতন চালিয়েছেন—যারা বর্তমানে সরকারি ও বিরোধী দলে রয়েছেন এবং গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছেন। ফলে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাখলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরো বলেন, ভারত তাকে ইউরোপ বা মধ্যপ্রাচ্যে পাঠানোর চেষ্টা করলেও কোনো দেশই তাকে নিতে চাইছে না; কারণ যিনিই তাকে নেবেন, তার জন্যই তিনি বোঝা হয়ে দাঁড়াবেন।

বিচার ও ফাঁসির রায়ের প্রসঙ্গ টেনে সারজিস আলম দাবি করেন, ভারত পালানোর পর শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে এবং আপিল করার নির্ধারিত সময়ও পার হয়ে গেছে। ফলে এখন আর কোনো আপিলের সুযোগ নেই এবং তিনি দেশে ফিরলেই সরাসরি ফাঁসির মুখোমুখি হবেন। এজন্য শেখ হাসিনা আর কখনোই বাংলাদেশে ফিরবেন না বলে তিনি মন্তব্য করেন।

এর আগে বক্তব্যের শুরুতে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে সারজিস আলম বলেন, ৫৬ শতাংশ কোটার বিরুদ্ধে যৌক্তিক আন্দোলনে বাধা দিতে গিয়ে গুলি চালানো হয়েছিল। জাতিসংঘের হিসাব অনুযায়ী শেখ হাসিনা দেশ ছাড়ার আগে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন এবং ১০ হাজার মানুষ অঙ্গহানির শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, যারা আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। এ ছাড়া ক্ষমতায় টিকে থাকার জন্য ঢাকায় লম্বা খন্দক খুঁড়ে ১২৫টি লাশ মাটি চাপা দেওয়া হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন।

৫ আগস্টের স্মৃতিচারণ করে এনসিপির এই নেতা বলেন, ওই দিন অন্তত এক কোটি মানুষ ঢাকার রাস্তায় নেমে এসেছিল। সেদিন শেখ হাসিনা গণভবনে থাকলে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না বলেও মন্তব্য করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...