‘ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই’

‘ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই’

ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষ্যে ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, প্রতিবছর শুষ্ক মৌসুমে গঙ্গা ও পদ্মা নদীতে চরের বিস্তার এবং শাখা–প্রশাখাসহ শতাধিক নদ–নদীর শুকিয়ে যাওয়ার প্রভাব দেশের মানুষকে আতঙ্কিত করে তুলছে। এ অবস্থার পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।

তিনি আরো বলেন, ফারাক্কা লংমার্চ শুধুই একটি মিছিল ছিল না, ছিল পানি আগ্রাসনের বিরুদ্ধে একটি ঐতিহাসিক আন্দোলন। কারণ ফারাক্কা বাঁধের জন্য বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি এবং দক্ষিণ ও মধ্যাঞ্চলের আরও চার কোটি মানুষ পানির সংকটে ভুগছে, যা পুরো পরিবেশ ও জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলেছে।

এসময় এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, ফারাক্কা বাঁধ আন্তর্জাতিক নদীর স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ বাঁধ নির্মাণ করেছে, যার ফলে পদ্মা এখন মৃত নদীতে পরিণত হয়েছে।

এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির চেয়ারম্যান মো. জাকির হোসেন, এনডিপি ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ, যুগ্ম মহাসচিব হায়াত মাহমুদ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন