অস্থিতিশীলতা মোকাবেলায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে: খেলাফত মজলিস

অস্থিতিশীলতা মোকাবেলায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে: খেলাফত মজলিস

দেশের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিস নেতারা।

বিজ্ঞাপন

তারা বলেন, সম্প্রতি গোপালগঞ্জে সন্ত্রাসী হামলা ও উত্তরা বিমান দুর্ঘটনা পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতি সরকার যথাযথভাবে মোকাবেলা করতে পারেনি। প্রশাসনের নাকের ডগায় নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীরা এসব পরিস্থিতির অপব্যবহারের সুযোগ নিচ্ছে। এইচএসসি পরীক্ষার মত গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা স্থগিতের ঘোষণা মধ্যরাতে নয় ওইদিন সন্ধ্যার মধ্যেই দেয়া যেত।

খেলাফত মজলিস নেতারা আরো বলেন,ঐকমত্যের ভিত্তিতে অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের অনুমোদন বাতিল করতে হবে।

বুধবার রাতে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে নেতারা এসব কথা বলেন।

এ সময় তারা বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেন, সরকারকে অবিলম্বে ওই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। হতাহতদের সুস্পষ্ট তালিকা তৈরিতে কালক্ষেপণ জনমনে সন্দেহের অবকাশ সৃষ্টি করেছে।

নেতারা বলেন, ঢাকার মত জনবহুল নগরে বিমান প্রশিক্ষণ সহ ঝুঁকিপূর্ণ যে কোন কর্মকাণ্ডের অনুমোদন বাতিল করতে হবে। বিগত ফ্যাসিস্ট আমলে বিমান বাহিনীতে সর্বাধুনিক যুদ্ধবিমান ও সরঞ্জাম ক্রয়ে দুর্নীতির তদন্ত করতে হবে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে বাজেট বৃদ্ধি করতে হবে।

পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন