আল্লাহর আইন ও সৎলোকের শাসন ছাড়া গণমানুষের কল্যাণ ও সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
রোববার সকালে রাজধানীর উত্তরার সেক্টর কল্যাণ সমিতির হলে উত্তরা পশ্চিম থানা জামায়াতের ১১ নং সেক্টর ওয়ার্ড আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সবাইকে ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। ত্যাগ ছাড়া কোন কিছুই অর্জন করা সম্ভব নয়। সমাজের ইতিবাচক পরিবর্তন ও গণমানুষের কল্যাণ করতে হলে সব কাজে আমাদেরকে সিরিয়াস হতে হবে। তাই আগামী দিনে ইসলামী আন্দোলনকে গতিশীল ও বেগবান করতে হলে প্রত্যেক মানুষের ঘরে ঘরে দ্বীনে দাওয়াত পৌঁছাতে হবে।
দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে ময়দানে সবাইকে সর্বশক্তি নিয়োগের আহ্বান জানান সেলিম উদ্দিন ।
মহানগরী উত্তর আমির বলেন, জামায়াত নেতৃত্ব শুধু যোগ্য নন বরং সৎও। আমরা বিভিন্ন জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে, জনগণ আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে আমরা দেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবো। সরকারে জামায়াতের প্রতিনিধিরা কোনোভাবেই দুর্নীতি বা অপরাধের সাথে জড়িত হবেন না। দেশে একটি সুষম ও ইনসাফপূর্ণ অর্থনীতি প্রতিষ্ঠিত হবে।
থানা আমির মাজহারুল ইসলামের সভাপতিত্বে এবং ওয়ার্ড সভাপতি হাফেজ ইব্রাহীম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা-১৮ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, মহানগরী মজলিসে শূরা সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন, ছাত্রশিবিরের উত্তরা পশ্চিম থানার এইচআরডি সম্পাদক ও জুলাই বিপ্লবের জীবন্ত শহীদ ছাত্রনেতা সাইফ আরেফিন রাহাত, ১১ নং সেক্টর কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবক প্রিন্সিপাল সালাহউদ্দিন ভুঁইয়া ও ১১ নং সেক্টর বাইতুন নূর মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক হাজী আরব আলী। উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানার নায়েবে আমীর মকবুল হোসেন খান, থানা সেক্রেটারি ফিরোজ আলম, থানা কর্মপরিষদ সদস্য মশিউর রহমান, জি এম আসলাম, মাহমুদুর রহমান, শাইখুল সাকিব ও সহিদুল ইসলাম প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

