বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা করে দিচ্ছে। তিনি দাবি করেন, জুলাইয়ের চেতনা ছিল বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা। কিন্তু সরকার সেই চেতনা থেকে সরে এসে নতুন রূপে পুরোনো ধারার বৈষম্য সৃষ্টি করছে।
শনিবার রাজধানীতে শাহবাগ মানবকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত বিনামূল্যে সুন্নতে খৎনা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হেলাল উদ্দিন বলেন, শাহবাগ মানবকল্যাণ সংস্থা দীর্ঘদিন ধরে রাজধানীতে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করায় তিনি সংগঠনের সভাপতি আহসান হাবীবসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, মহান আল্লাহ তাআলা মানুষকে মানুষের সেবা করার জন্য সৃষ্টি করেছেন। সবাই যদি মানবকল্যাণে নিজেদের নিয়োজিত রাখেন, তাহলে সমাজে অপরাধ কমবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। একটি আলোকিত সমাজ গড়ে তুলতে ইসলামী সমাজব্যবস্থা থেকে শিক্ষা নেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আদ্-দ্বীন হাসপাতাল প্রসঙ্গ উল্লেখ করে ড. হেলাল উদ্দিন বলেন, “গরিবের হাসপাতাল হিসেবে পরিচিত আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করে দিয়ে সরকার মূলত অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে। যেখানে আদ্-দ্বীন হাসপাতালে মাত্র ৪০০ টাকায় কিডনি ডায়ালাইসিস করা হতো, সেখানে অন্য বেসরকারি হাসপাতালে একই সেবার জন্য ৪ হাজার থেকে ৮ হাজার টাকা এবং সরকারি হাসপাতালে দেড় হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়।”
তিনি আরও বলেন, “মাথাব্যথা হলে যেমন মাথা কেটে ফেলা হয় না, বরং চিকিৎসার মাধ্যমে সমস্যা সমাধান করা হয়, তেমনি আদ্-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় পুরো হাসপাতাল বন্ধ না করে যদি কোনো অবহেলা বা চিকিৎসাগত ত্রুটি থেকে থাকে, তবে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”
শাহবাগ মানবকল্যাণ সংস্থার সভাপতি আহসান হাবীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুন্নবীর রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান।
এ ছাড়া অনুষ্ঠানে মাওলানা লুৎফুর রহমান, শাহবাগ মানবকল্যাণ সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওবায়দুল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মুমিন খানসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ১৫ জন শিশুর বিনামূল্যে সুন্নতে খৎনা সম্পন্ন করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

