আশরাফ মাহদি

‘ফেসবুক সরকার’ নয়, আওয়ামী সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ দেখতে চায় জনগণ

‘ফেসবুক সরকার’ নয়, আওয়ামী সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ দেখতে চায় জনগণ

আওয়ামী সন্ত্রাস, আওয়ামীপনা ও ফ্যাসিবাদবিরোধী বর্ষা বিপ্লব-পরবর্তী বাংলাদেশ শীর্ষক মিনহাল আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তব্য দিয়েছেন মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী। তিনি বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতায় যাওয়ার আগে দলটির দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন, রাজনৈতিক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

গোপালগঞ্জে সাম্প্রতিক আওয়ামী সহিংসতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া একসময় বলেছিলেন, ‘গোপালগঞ্জ আর থাকবে না।’ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উচিত তাঁর সেই বক্তব্যকে ওসিয়তনামা হিসেবে গ্রহণ করা।

সাত বছরের মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ জামানকে মোটরসাইকেল থামিয়ে তাঁর মেয়ের সামনেই ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ধরনের নৃশংস ঘটনা প্রমাণ করে, আওয়ামী লীগ অনুতপ্ত নয়।

আশরাফ উদ্দিন মাহদি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা বা প্রতিক্রিয়ার পর সরকার ব্যবস্থা নেয়। খুনি জিয়াউল আহসান গ্রেপ্তার হওয়ার পরও যে দোর্দণ্ড প্রতাপে চলাফেরা করছিলেন, তা নিয়ে জনগণের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হলে সরকার ব্যবস্থা নেয়। কিন্তু জনগণ বিএনপিকে কেবল একটি ‘ফেসবুক সরকার’ হিসেবে দেখতে চায় না। আওয়ামী লীগের সন্ত্রাসীদের নির্মূলে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ভারতের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারত এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আওয়ামী লীগের রাজনৈতিক মনোবল ধরে রাখা এবং দলটির নেতাকর্মীদের আশ্বস্ত করার উদ্দেশ্যেও ভারতের গণমাধ্যম থেকে বিভিন্ন বক্তব্য আসছে। ভারতের গণমাধ্যমে আওয়ামী লীগের সন্ত্রাসকে ‘Demonstration, Resistance and Clash with Police’—এ ধরনের শব্দে উপস্থাপন করা হচ্ছে।

তিনি আরও বলেন, এভাবে আওয়ামী লীগকে ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কে আনার অপচেষ্টা চলছে। অথচ নতুন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সম্পূর্ণ অপ্রাসঙ্গিক।

মিনহাল সম্পাদক ইউসুফ আম্মারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার, ডেইলি ওয়াদার সম্পাদক ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র ফারুক হাসান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সংগঠক ও রাজনীতিক সামান্তা শারমিন এবং ডেল এইচ. খান প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...