যেকোনো মূল্যে আওয়ামী অপশক্তিকে রুখে দিতে হবে: মামুনুল হক

যেকোনো মূল্যে আওয়ামী অপশক্তিকে রুখে দিতে হবে: মামুনুল হক
ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক বলেছেন, ‘আমরা লক্ষ করছি, কয়েক দিন ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ফ্যাসিবাদী পরাজিত অপশক্তি জনগণের ব্যাপক ক্ষতির মধ্য দিয়ে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘দেশে জ্বালাও-পোড়াও করে ফ্যাসিবাদ তাদের প্রকৃত পরিচয় দেশ-বিদেশের মানুষের কাছে প্রকাশ করছে। যেকোনো মূল্যে পরাজিত এই অপশক্তিকে মোকাবিলা করা হবে।’

বৃহস্পতিবার দুপুরে প্রধান বিরোধীদলীয় নেতার বাসভবনে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন স্থানে বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তির সন্ত্রাস ও নৈরাজ্যের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ১১ দলীয় ঐক্য। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাসী কার্যকলাপ ও নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে জোটটি।

প্রেস ব্রিফিংয়ে মামুনুল হক বলেন, ‘আজ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক ছিল। দেশের চলমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে এখানে পর্যালোচনা হয়েছে। ফ্যাসিবাদীদের মোকাবেলায় দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমরা আমাদের করণীয় নির্ধারণে আজ বৈঠকে মিলিত হয়েছি। এখান থেকে আমরা জাতির কাছে যে ইস্পাতকঠিন ঐক্যের বার্তা দিতে চাই তা হলো—আধিপত্যবাদী শক্তির ক্রীড়ানক এই পরাজিত ও বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তিকে যেকোনো মূল্যে রুখতে হবে। আর দেশের জনগণকে নিয়েই রাজপথে ঐক্যবদ্ধভাবে অবস্থান করে আমরা এই অপশক্তিকে মোকাবিলা করব, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যে কোনো ধরনের বিভেদ বা ফাটল তৈরি হলে তা বাংলাদেশকে দুর্বলতার দিকে ঠেলে দিতে পারে। আর সেই ঐক্যের প্রধান ভিত্তি ছিল জুলাই সনদ এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বাস্তবায়ন—যা গণভোটের মাধ্যমে জনগণের রায় হিসেবে প্রতিফলিত হয়েছে। আমরা মনে করি, সেই গণভোটের রায় কার্যকর না করাটাই আজকের এই পরিস্থিতি সৃষ্টির অন্যতম প্রধান কারণ। কাজেই আমরা গণভোটের রায় কার্যকর করাসহ জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জুলাই শক্তির ঐক্যবদ্ধ উপস্থিতির ওপর গুরুত্বারোপ করছি।’

মামুনুল হক বলেন, ‘আমরা আশা করব, বাংলাদেশের সকল জনগণ যেভাবে দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী অপশক্তিকে বিতাড়িত করেছিল, তারা আবারও তাদের সেই ঐক্যের জানান দেবে।" তিনি আরও বলেন, "নৈরাজ্যবাদী শক্তিকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই—নৈরাজ্যের মাধ্যমে এবং জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে কোনোদিন একটি দেশ বা জাতিকে পরাস্ত করা যাবে বলে তারা যদি মনে করে থাকে, তবে তারা বোকার স্বর্গে বসবাস করছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় এই সকল নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি যোগ করেন, ‘সেই সাথে যে সকল বাংলাদেশি নাগরিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ইতোমধ্যে নৈরাজ্যবাদীদের সন্ত্রাসী হামলায় শাহাদাত বরণ করেছেন, যাদের জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক জায়গায় যাদের বাড়িঘর ও রাস্তাঘাটে যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে—এই সকল অগ্নিসংযোগ ও সন্ত্রাসী আক্রমণে ক্ষতিগ্রস্ত সবার প্রতি এগারো দলের পক্ষ থেকে সহমর্মিতা ও সহানুভূতি প্রকাশ করা হচ্ছে। আমরা আশা করব, সরকার কঠোর হস্তে এই নৈরাজ্য দমন করবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করবে।’

জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সকলের সম্মিলিত গণপ্রতিরোধের মাধ্যমে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। ইনশাআল্লাহ, আমরা এগারো দল রাজপথে আছি এবং অব্যাহতভাবে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাসী কার্যকলাপ ও নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, ‘ইতোমধ্যে বিরোধীদলীয় নেতা সরকারপ্রধানের ডাকে প্রাথমিক সাড়া দিয়েছেন। আমরা মনে করি, এখানে ঐক্যের যে প্রশ্নটি রয়েছে, তা সরকার অনুভব ও স্বীকার করছে। আমাদের পক্ষ থেকে বরাবরই বার্তা দেওয়া হচ্ছে যে, ঐক্যের প্রধান ভিত্তি হবে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং অবশ্যই গণভোটের রায় কার্যকর করা। এর ভিত্তিতে আমরা আশা করি, গণভোটের রায় কার্যকর করা নিয়ে দেশের সাধারণ মানুষের যে উদ্বেগ আছে, সরকার তা নতুন করে আমলে নেবে। সরকার যে অব্যাহতভাবে গণরায়কে উপেক্ষা করার মনোভাব পোষণ করছিল, সেখান থেকে পিছু হটবে এবং জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই নৈরাজ্যের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, এখানে অবশ্যই প্রশাসনের পক্ষ থেকে আরও বেশি সচেতনতা ও কার্যকর ভূমিকা জরুরি। তবে সেই সঙ্গে এটাও মনে করি যে, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি সামাল দিচ্ছে।’

মামুনুল হক আরও বলেন, ‘আমরা স্পষ্ট করেছি যে, অবশ্যই সরকারের ডাকে সাড়া দেওয়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান নিয়ামকের ভূমিকা পালন করবে। আমরা সাত দফা দাবি থেকে কোনোভাবেই সরে আসিনি। তবে এই মুহূর্তে জরুরি পরিস্থিতিতে পরাজিত ও আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করাটাই সবকিছুর চেয়ে অগ্রগণ্য মনে করছি। এভাবে কোনো ব্যক্তির জানমালের ক্ষয়ক্ষতি করা, অগ্নিসংযোগ করা বা বাসাবাড়িতে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’

এ সময় ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘আজকের শীর্ষ বৈঠকে বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে বিশদভাবে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও পতিত স্বৈরাচারের যে অপতৎপরতা এবং সন্ত্রাসী কার্যক্রম চলছে, তাতে দেশ এক অস্থিরতার মধ্যে পড়ে গেছে এবং পুরো জাতি নিরাপত্তাহীনতায় ও আতঙ্কিত অবস্থায় দিনাতিপাত করছে। এক্ষেত্রে সরকারের প্রধান দায়িত্ব ছিল জনগণের নিরাপত্তা বিধান করা এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা বজায় রাখা—কিন্তু সরকার যে পদক্ষেপ নিয়েছে, তা দৃশ্যমান বা যথার্থ ছিল না। সেই সুযোগ নিয়েই অপশক্তি অপতৎপরতা চালানোর সুযোগ পেয়েছে। একই সঙ্গে সরকারের আচরণ এবং গণভোটের রায় বাস্তবায়ন না করা—সব মিলিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের মধ্যে বিভক্তি তৈরি করেছে। ফলে আজ অপতৎপরতাকারী, ষড়যন্ত্রকারী এবং পেছন থেকে যারা শক্তি জোগায়, তারা সবাই মিলে সুযোগ নেওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র; এদেশের জনগণ সতর্ক এবং তারা জীবন দিয়ে হলেও স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করবে। এদেশের মানুষ দেশপ্রেম নিয়েই অতীতেও সব ষড়যন্ত্র মোকাবিলা করেছে এবং এখনো প্রতিহত করবে, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আজকের এই বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি—এখানে কোন দল ক্ষমতায় থাকবে কি থাকবে না, সেটি মুখ্য বিষয় নয়। আমাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণকে রক্ষা করা, হেফাজত করা এবং জনগণের অধিকার নিশ্চিত করা। আমরা এটি নিয়েই কাজ করছি। যদি জুলাই সনদ গণভোটের আলোকেই বাস্তবায়িত হতো এবং সরকার প্রলম্বিত গড়িমসি বা এড়িয়ে যাওয়ার মানসিকতা পোষণ না করত, তাহলে আজকের এই পরিস্থিতি দেশে দেখতে হতো না; আমরা আরেকটা নতুন বাংলাদেশ দেখতে পেতাম। এসব বিষয় গুরুত্বের সাথে আলোচনা হয়েছে। আগামী দিনে আমরা ১১ দল জনগণের সঙ্গে আছি, থাকব এবং ঐক্যবদ্ধভাবে সব অপতৎপরতা মোকাবিলা করব।’

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...