দেশে এখনো সাংস্কৃতিক ফ্যাসিস্টরা সক্রিয়: নূরুল ইসলাম বুলবুল

 দেশে এখনো সাংস্কৃতিক ফ্যাসিস্টরা সক্রিয়: নূরুল ইসলাম বুলবুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ৩৬ জুলাই আন্দোলনের পরেও দেশের আনাচে-কানাচে কালচারাল ফ্যাসিস্টরা এখনো বিভিন্নভাবে অবস্থান করছে। তাদের কারণে বাংলাদেশ আজও হুমকির মুখে রয়েছে এবং তাদের মোকাবিলায় সাংস্কৃতিক যোগ্যতা অর্জন করতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, চূড়ান্ত বিপ্লবের বিজয় লাভের জন্য সাংস্কৃতিক বিজয় অনস্বীকার্য। আমাদের সেই যোগ্যতা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

শনিবার রাতে রাজধানীতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সাহিত্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আয়োজিত কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে কবি মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাহবুব মুকুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিল্পী সাইফুল্লাহ মানছুর বলেন, মানুষের সংস্কৃতির ক্ষুধা মিটিয়ে দিয়েছেন মহান আল্লাহ। রবের দেওয়া সেই সংস্কৃতি ছাড়া সত্যিকারের ক্ষুধা নিবারণ হবে না। সে ক্ষেত্রে সুস্থ সংস্কৃতি যেন কিছুতেই কলুষিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

শিল্পী তাফাজ্জল হোসেন খান বলেন, শিরকের অন্যতম একটি ক্ষেত্র হচ্ছে নাতে রাসুল লেখা ও গাওয়া। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে গান লিখতে বা গাইতে গিয়ে অনেকে অসচেতনভাবে শিরক করে বসেন। তাই সুস্থ সংস্কৃতিচর্চায় শিরকমুক্ত নাত লেখা ও গাওয়ার সময় সবাইকে অত্যন্ত সচেতন থাকতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. শামসুল আলম, প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, কবি ও সম্পাদক জাকির আবু জাফর, বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন এবং ড. মোবারক হোসাইন। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সাহিত্য-সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৩টি জোনের মাধ্যমে ৪টি গ্রুপে কয়েক হাজার প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করে মোট ২২৪ জনকে নিয়ে চূড়ান্ত রাউন্ড অনুষ্ঠিত হয়। কেরাত ও হামদ-নাত—এই দুটি বিষয়েই ৪টি করে গ্রুপ থেকে মোট ৮০ জন প্রতিযোগী বিজয়ী হন। পরে অতিথিরা বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন