ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
এসময় তারা ক্যাম্পাসে নিরাপত্তা প্রদানে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহদ খান ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের পদত্যাগ ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা বাড়ানোর দাবি জানান।
বোরবার দুপুরে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়৷
কালো পতাকা মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘খুনি কেন বাইরে, প্রশাসন কী করে’, ‘আমার ভাই মরল কেন, শাহবাগ থানা জবাব চাই’ প্রভৃতি স্লোগান দেন। বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য প্রদানকালে ছাত্রদল ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, সাম্য হত্যার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন যে 'অসংলগ্ন' আচরণ করেছে -তাতে আমরা ক্ষুব্ধ। জুলাইয়ে গণ-আন্দোলনে যেই সাম্য শেখ হাসিনার বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছিল সেই সাম্য আজ আমাদের মাঝে নেই। তার রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত প্রশাসন এই হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না। আমরা অবিলম্বে প্রক্টরের পদত্যাগ চাই। একই সঙ্গে উপাচার্যকে সাম্য হত্যার রাতের এমন আচরণের জন্য দুঃখ প্রকাশ করতে হবে।
এসময় সংগঠনটির ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, জুলাই-আগস্ট বিক্রি করে একদল শিক্ষার্থী টেন্ডার বাণিজ্য করছে। তাদের কোনো ক্ষমা করা হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, আপনারা জুলাই রক্তের ওপর দিয়ে প্রশাসনে বসেছেন। ছাত্রদল গত নয় মাস প্রশাসনকে সহযোগিতা করেছে। কিন্তু এখন পদত্যাগ চাওয়ার কারণ প্রশাসন জুলাই-আগস্টের সম্মুখ সারির নেতৃত্ব সাম্য হত্যার বিচার নিশ্চিত করতে পারেনি। তাই, সাম্য হত্যাকাণ্ডের বিচারে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

