আগামীর বাংলাদেশ গঠনে কার্যকর ও জনদায়িত্বশীল নেতৃত্ব তৈরির লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সময়োপযোগী এক কর্মশালা ও লিডারশীপ প্রোগ্রাম—‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ আয়োজন করেছে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত-এর উদ্যোগে আয়োজিত এই দুই দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয় ২৫ ও ২৬ মে ২০২৫, পূর্বাচলের সি ক্লাব রিসোর্টে। এতে অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত উদ্যমী ও প্রতিশ্রুতিশীল ছাত্রনেতারা।
কর্মশালায় আলোচনা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব, শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির গঠনমূলক ভূমিকা, নেতৃত্ব বিকাশে দক্ষতা ও জনদায়িত্ববোধ বৃদ্ধির কৌশল এবং ছাত্রদলের সাংগঠনিক বিস্তার নিয়ে।
বক্তারা বলেন, ‘গণতন্ত্রহীন বর্তমান বাস্তবতায় একটি নতুন রাষ্ট্র কাঠামোর প্রয়োজন, যেখানে সুশাসন, ন্যায়বিচার ও জনগণের অধিকার সংরক্ষিত থাকবে। এই কর্মশালার মাধ্যমে ছাত্রদল তার ঐতিহাসিক দায়িত্ব পালনে আরও প্রস্তুত হয়ে উঠবে।’
তারা আরও বলেন, ‘ছাত্র রাজনীতি এখন শুধু স্লোগানে সীমাবদ্ধ নয়—এটি রাষ্ট্র গঠনে এক শক্তিশালী হাতিয়ার।’
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, ‘২১ শতকের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের উপায় ও তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।’
আয়োজক ও অংশগ্রহণকারীদের মতে, কর্মশালাটি তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দায়িত্বশীল নেতৃত্ব ও দেশপ্রেমের বীজ রোপণ করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

