ইসলামী আন্দোলন মহাসচিব

সঙ্গীত নিয়ে সরকারের ব্যতিব্যস্তের কারণ বোধগম্য নয়

সঙ্গীত নিয়ে সরকারের ব্যতিব্যস্তের কারণ বোধগম্য নয়

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বলেছেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থার গুণগত মান নিয়ে প্রশ্ন আছে। শিক্ষার্থীরা কাঙ্ক্ষিতমানে ভাষাগত দক্ষতা অর্জনে ব্যর্থ হচ্ছে। ১২ বছর পড়াশোনা করার পরেও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষায় ভাষার মৌলিক বিষয়গুলোতে পাশমার্ক পাচ্ছে না। গণিত ও মৌলিক বিজ্ঞান শিক্ষায় বিশ্বমানে দুরের কথা সাধারণ মানও অর্জন করতে পারছে না। এমন বাস্তবতায় দেশের স্কুলগুলোতে ভাষা, গণিত ও মৌলিক বিজ্ঞানের ওপরে জোর দেয়ার বদলে সঙ্গীত নিয়ে সরকারের ব্যতিব্যস্ত হওয়ার কারণ আমাদের কাছে বোধগম্য নয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, মানুষের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সংস্কৃতি, মনোভাব, চরিত্র ও দৃষ্টিভঙ্গি নির্মাণে ধর্মই প্রধান ভূমিকা পালন করে। বাংলাদেশের সকল মানুষ ধর্মপ্রাণ। ধর্মকে কেন্দ্র করেই এখানে হাসিকান্না, আন্দোলন ও সংগ্রামের ইতিহাস আবর্তিত হয়েছে। ফলে শিক্ষার্থীদেরকে ধর্ম সম্পর্কে প্রকৃত ও যথাযথ শিক্ষা দেয়া অপরিহার্য। সেজন্য স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক ও কোরআন শিক্ষক নিয়োগ দেয়া সাধারণ যুক্তিবোধের দাবি। সরকারের প্রতি আহবান থাকবে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভাষা, গণিত ও মৌলিক বিজ্ঞান শিক্ষার প্রতি জোর দিন এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে বাচ্চাদেরকে শুরু থেকেই ধর্ম সম্পর্কে সঠিক শিক্ষার ব্যবস্থা করুন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন