ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় এনসিপির নিন্দা, দ্রুত বিচারের দাবি

ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় এনসিপির নিন্দা, দ্রুত বিচারের দাবি

শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি এ ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সন্ত্রাসী তৎপরতার অংশ হিসেবে উল্লেখ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে এনসিপি জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিক অংশ। রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে নাশকতা, অগ্নিসংযোগ এবং গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলার ধারাবাহিকতায় এবার অধ্যাপক ইউনূসের বাসভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, একটি চিহ্নিত ও কার্যক্রম নিষিদ্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।

এনসিপি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ দেশের সব নাগরিকের জানমালের সর্বোচ্চ নিরাপত্তা অবিলম্বে নিশ্চিত করতে হবে। হামলা ও অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে প্রচলিত আইনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব ধরনের গোপন ও প্রকাশ্য নাশকতামূলক তৎপরতা কঠোর হাতে দমন করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের শান্তিপ্রিয় ও মুক্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো মূল্যে সন্ত্রাসবাদ ও নৈরাজ্য প্রতিহত করতে প্রতিশ্রুতিবদ্ধ এনসিপি। দেশবিরোধী অপতৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে দলটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন