সীমিত ওভারের ক্রিকেট

বাংলাদেশ সিরিজে নেই বাভুমা-রাবাদারা

বাংলাদেশ সিরিজে নেই বাভুমা-রাবাদারা

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা পায়ের পেশির চোট নিয়ে ছিটকে গেছেন মাঠের লড়াই থেকে। এ কারণে ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন কেশব মহারাজ। সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্টে বাভুমার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। প্রথম টেস্টের একাদশে না থাকা মহারাজ এই টেস্টেও খেলবেন না; তার জায়গায় টেস্ট দলে ডাকা হয়েছে বাঁহাতি স্পিনার ও অলরাউন্ডার সেনুরান মুতুসামিকে।

টি-টোয়েন্টি সিরিজেও পরীক্ষা-নিরীক্ষা চালাবে দক্ষিণ আফ্রিকা। নিয়মিত অধিনায়ক মার্করাম বিশ্রামে থাকায় নেতৃত্ব দেবেন বিয়র্ন ফরটুইন, যিনি চলতি বছরের শুরুতে নামিবিয়ার বিপক্ষে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিনটি টেস্টের কথা মাথায় রেখে বাভুমা ও মার্করাম ছাড়াও ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন, কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনকে এই দুই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

চোট কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন পেসার লুঙ্গি এনগিডি। মৌসুমের শুরুতে ঘরোয়া ক্রিকেটে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকে বাইরে থাকা এনগিডির পেস আক্রমণে সঙ্গী হবেন আনরিখ নর্কিয়া, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি, ডুয়ান ইয়ানসেন ও এনকোবানি মোকোয়ানা। ২০২৩ বিশ্বকাপের আগে সর্বশেষ ওয়ানডে খেলা নর্কিয়ার দ্বিতীয় টেস্টে ফেরার কথা রয়েছে। ব্যাটিংয়ে ভরসা কুইন্টন ডি কক, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, ট্রিস্টান স্টাবস ও ২০২৫ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হওয়া সিনেথেম্বা কেশিলে। এদিকে হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে টি-টোয়েন্টি দলে ফিরেছেন তরুণ বাঁহাতি পেসার কোয়েনা মাফাকা।

সিরিজের ওয়ানডে তিনটি ১, ৪ ও ৭ ডিসেম্বর এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে ১০, ১২ ও ১৩ ডিসেম্বর।

ওয়ানডে দল

কেশব মহারাজ (অধিনায়ক), ডেভাল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফরটুইন, জর্ডান হারমান, ডুয়ান ইয়ানসেন, এনকোবানি মোকোয়েনা, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, আনরিখ নর্কিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কেশিলে ও ট্রিস্টান স্টাবস।

টি-টোয়েন্টি দল

বিয়র্ন ফরটুইন (অধিনায়ক), ডেভাল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজি, কনর ইস্টারহিউজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারমান, ডুয়ান ইয়ানসেন, কোয়েনা মাফাকা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন