জাতীয় পার্টির সাবেক এমপি ইয়াহিয়া ৪ সহযোগিসহ আটক

জাতীয় পার্টির সাবেক এমপি ইয়াহিয়া ৪ সহযোগিসহ আটক

শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে স্বীকৃতি লাভ করা সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহিয়া চৌধুরী ও তার চারজন সহযোগীকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশের হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ১৯ নম্বর বাসা থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক হওয়া অন্যরা হলেন- আনোয়ার হোসেন, মিলন, জনি মিয়া। একজনের নাম জানা যায়নি। ইয়াহিয়ার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর, সিলেট কোতয়ালি, ফেনী সদর থানায় দুটিসহ মোট ৪টি মামলা রয়েছে। এর মধ্যে ৩টি মামলায় তিনি পলাতক ছিলেন।

ডিএমপির উত্তরা জোনের সহকারি কমিশনার সাদ্দাম হোসেন আমার দেশকে জানান, ছাত্র-জনতা সাবেক এমপি ইয়াহিয়াকে ৪ সহযোগিসহ আটক করে থানায় সোপর্দ করেছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে জানান তিনি।

ছাত্র-জনতার ওপর গুলি ছুড়ে হত্যার অভিযোগে ইয়াহিয়া চৌধুরীকে এর আগে ১২ নভেম্বর গ্রেপ্তার করে র‍্যাব। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।

ইয়াহইয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসন থেকে এমপি নির্বাচিত হন। তখন ওই নির্বাচনে আওয়ামী লীগ আসনটিতে কোনো প্রার্থী দেয়নি। পরবর্তীতে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ওই আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিলেও নির্বাচিত হতে পারেননি ইয়াহইয়া। ওই আসনে এমপি হন গণফোরামের প্রার্থী মোকাব্বির খান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন