বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়নই ছিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধান কাজ। সরকার তা করতে পারছে না। এখনো সময় আছে জুলাই সনদ বাস্তবায়নের। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না।’
বুধবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাতিরঝিল থানার মধুবাগ মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাতিরঝিল থানা শাখার উদ্যোগে আয়োজিত ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল আলম খান মিলন বলেন, ‘জুলাই আন্দোলনে আবু সাঈদ থেকে মুগ্ধ পর্যন্ত ছোট ছোট শিশুরা অকাতরে জীবন দিয়েছে। আবু সাঈদের বুক চিতিয়ে গুলির মুখে দাঁড়িয়ে থাকার মতো ইতিহাস পৃথিবীতে খুব কমই আছে। এর বিনিময়ে যে রাষ্ট্রীয় সংস্কার হওয়ার কথা ছিল, তা কিছুই হয়নি। বরং সরকারি দল বিষয়টি পাশ কাটিয়ে নানা কথামালার মাধ্যমে জাতিকে ভুল বোঝানোর চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক।’
তিনি আরো বলেন, মধুবাগ মাঠকে আরো সুন্দর ও খেলাধুলার উপযোগী করে গড়ে তুলতে হবে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব খেলোয়াড় এবং আয়োজক ছাত্রশিবিরের নেতাদের তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাতিরঝিল থানা সভাপতি মেহেদি হাসানের সভাপতিত্বে এবং থানা ক্রীড়া সম্পাদক আরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।
এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য ও ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান আযমী, মহানগরী মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল পশ্চিম থানা সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম রাশেদ, জামায়াত নেতা মনির হোসাইন, আজগর হোসেন, আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা।
আগস্টে আটটি দল নিয়ে শুরু হওয়া ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনালে মুখোমুখি হয় তারুণ্য একাদশ ও পাওয়ার টাইটান্স। ফাইনালে তারুণ্য একাদশ ৩-১ গোলে পাওয়ার টাইটান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


