পতিত ফ্যাসিবাদী সন্ত্রাসীদের রক্তের নেশা মেটেনি, চরিত্রেও কোনো পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে নাহিদ ইসলাম দাবি করেন, ‘জুলাই বিপ্লবের সম্মুখ সারির নেতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তার বাড়িতে কাফনের কাপড় ও হুমকি সংবলিত চিরকুট পাঠিয়েছে পতিত ফ্যাসিবাদী সন্ত্রাসী গোষ্ঠী।
দেড় দশকের ফ্যাসিবাদী শাসনামলে হাজার হাজার মানুষকে হত্যা করেও সন্ত্রাসী গোষ্ঠীটির রক্তের নেশা মেটেনি। পাঁচ আগস্ট এ দেশের জনগণের কাছে চূড়ান্তভাবে পরাজিত ও প্রত্যাখ্যাত হওয়ার পরও তাদের চরিত্রে কোনো পরিবর্তন আসেনি।
ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এই সন্ত্রাসী গোষ্ঠী মানুষ হত্যার জন্য চোরাগোপ্তা হামলার পথ বেছে নিয়েছে। গত বছরের ডিসেম্বরে আমাদের ভাই শরীফ ওসমান হাদীকে শহিদ করেছে এই খুনিরা। এবার তাদের নিশানায় জুলাই বিপ্লবের সম্মুখ সারির নেতৃত্ব।
আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর এ ধরনের চোরাগোপ্তা হামলা ও প্রাণনাশের হুমকি প্রতিহত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জুলাইয়ের নেতৃত্ব, শহীদ পরিবার এবং রাজপথের যোদ্ধাদের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
জুলাই বিপ্লবে আওয়ামী লীগের খুনি বাহিনীর বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু বাকের মজুমদারদের সাহসিকতা পলাতক খুনিদের অজানা। আমরা এই সন্ত্রাসী শক্তিকে আবারও পরাজিত করব, ইনশাআল্লাহ।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


