আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা-৭ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে মহিলা বিভাগের গণমিছিল

স্টাফ রিপোর্টার

ঢাকা-৭ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে মহিলা বিভাগের গণমিছিল

ঢাকা-৭ আসনে ১১ দলীয় জোট সমর্থিত, জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাজী হাফেজ এনায়েত উল্লাহর সমর্থনে গণমিছিল করেছে দলটির মহিলা বিভাগ।

সোমবার দুপুরে কামরাঙ্গীরচর সরকারি হাসপাতালের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

মিছিল পরবর্তী সমাবেশে হাজী এনায়েত উল্লাহ বলেছেন, জনগণের বিজয় নিশ্চিত করতে ১২ ফেব্রুয়ারি কেন্দ্র ও ব্যালট পাহারা দিতে হবে। কোনো অবস্থাতেই কেন্দ্র দখল হতে দেওয়া যাবে না। ব্যালট কারচুপি করে ইঞ্জিনিয়ারিং ইলেকশন করতে দেওয়া যাবে না।

তিনি বলেন, প্রশাসনের কিছু লোক একটি দলের সঙ্গে আতাঁত করে ইঞ্জিনিয়ারিং ইলেকশন করার চেষ্টার ছক আঁকছে। কারণ ওই দলকে ক্ষমতায় বসাতে পারলে তাদের অতীত অপকর্মের দায়মুক্তি পাবে। তারা নিজেদের অপকর্মের দায়মুক্তির জন্য জনগণের ভোট কারচুপি করে একটি দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করবে। প্রশাসনের ভেতরে এবং বাহিরে নির্বাচন নিয়ে যত ষড়যন্ত হোক না কেন সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করতে হবে।

এসময় তিনি উপস্থিত নারী সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেই হাত মা-বোনদের হিজাব ধরে টান দেয়, যারা মা-বোনদের পেটে লাথি মারে তাদের ব্যালটের মাধ্যমে প্রতিহত করতে হবে। সন্ত্রাস-চাঁদাবাজ-দুর্নীতিবাজদের বিরুদ্ধে নারী সমাজকে জেগে উঠতে আহ্বান জানিয়ে বলেন, নারীর প্রতি অসম্মান, অশ্লীল আচরণকারীদের হাতে দেশ ও জাতি নিরাপদ নয়। ওদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা গেলে ওরা নারীর অধিকার, নারীর স্বাধীনতা ও নারীর মর্যাদা লুন্ঠন করবে। যারা নারীদের মা-বোনের দৃষ্টিতে দেখে, যারা নারীর অধিকার, নারীর স্বাধীনতা ও নারীর মর্যাদা প্রতিষ্ঠায় আপোষহীন তাদেরকে নেতৃত্বে আনতে হবে। জামায়াতে ইসলামী নেতৃত্বে আসলেই নারী সমাজ সম্মানিত ও মর্যাদাবান হবেন।

সমাবেশ শেষে, দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক বিশাল গণমিছিল বের হয়। এসময় মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৭ আসন কমিটির পরিচালক আব্দুর রহমানসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকা-৭ আসনের জামায়াতে ইসলামীর ব্যাপক সংখ্যক নারী কর্মী মিছিলে অংশগ্রহন করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন