আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এটিএম আজহার

অত্যাচারী জুলুমবাজদের এই বাংলাদেশে আর ঠাঁই হবে না

রংপুর অফিস

অত্যাচারী জুলুমবাজদের এই বাংলাদেশে আর ঠাঁই হবে না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জুলুম নির্যাতন আর ভয় ভীতির দিন শেষ। তরুণ যুবক এবং জুলাই-যোদ্ধাদের পক্ষের শক্তির বাংলাদেশ। অত্যাচারী জুলুমবাজ নির্যাতনকারীদের এই বাংলাদেশে আর ঠাঁই হবে না। এখন হবে শান্তির বাংলাদেশ। ইসলাম ও ইনসাফের বাংলাদেশ। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকারের বাংলাদেশ। নতুন বাংলাদেশকে উচ্চশিখরে নিয়ে যাবে এই প্রজন্মের যুবক-যুবতীরা।

সোমবার বিকেলে রংপুরের মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে এবং সন্ধ্যায় তারাগঞ্জ উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহার বলেন, আর ভয় পাওয়ার কিছু নেই। যারা ভয় পায় তারাই ভয় দেখায়। এই বাংলার মানুষ এখন প্রতিবাদ মুখর। চাঁদাবাজ জুলুমবাজ অর্থ পাচারকারী এবং মিথ্যা প্রতিশ্রুতি ও নানান প্রলোভন দেখানো গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এখন সবাই ঐক্যবদ্ধ।

তিনি বলেন, বাংলাদেশ গরীব নয় দেশটাকে লুটেপুটে খেয়ে গরীব করে রাখা হয়েছে। এদেশের যারা বিত্তবান তারা গরিবদের পিছনে অর্থ ব্যয় না করে বিদেশে প্রচার করেন। দেশের টাকা দেশে খরচ করলে খেটে খাওয়া মানুষ উপকৃত হতো। দেশের বড়লোকের সন্তানেরা সিঙ্গাপুর লন্ডন কানাডায় গিয়ে পড়ালেখা করার পাশাপাশি দেশের অর্থ ব্যয় করে। এই অর্থ যদি দেশের মাটিতে খরচ করা যেত তাহলে আমরা আরো এগিয়ে যেতাম।

মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন একটি দল ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড এবং স্বাস্থ্য কার্ডের লোভ দেখিয়ে ব্যাংক ঋণ মউকুফের কথা বলে এনজিও থেকে উত্তোলনকৃত টাকা ফেরতের কথা বলে মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাচ্ছেন। যারা ভোটের জন্য বিভিন্ন প্রলোভন ও মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চায়, তাহলে বুঝতে হবে তাদের উদ্দেশ্যে ভালো নয়। তারা ক্ষমতা এলে পূর্বের ফ্যাসিস্ট সরকারের পথ অনুসরণ করে দেশের সম্পদ লুট করে তাদের মতো বেগম পাড়ায় গিয়ে আলিশান জীবন যাপন করবে। তাই কোনো কার্ডের লোভে পড়ে বা তাদের প্রলোভনে আকৃষ্ট হয়ে তাদেরকে ভোট দেওয়া যাবে না।

এটিএম আজহার বলেন, সামনে ১২ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটে প্রার্থীদের ভোট দিন। তারা যদি ক্ষমতায় আসতে পারে এদেশে আর বেকারত্ব থাকবে না। ১১ দলীয় জোটে যে প্রার্থীরা রয়েছেন তারা কেউ কখনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিল না। তাদের নামে কোনো দুর্নীতি, অনিয়ম বা অর্থ পাচারের অভিযোগ কেউ করতে পারবেনা। তারা জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার সাথে একত্রিত হয়ে এদেশকে নতুন করে স্বাধীন করেছে। তাই এই ১১ দলিল জোটের প্রার্থীরাই বিজয়ী হয়ে ক্ষমতায় গেলে মানুষের সকল আকাঙ্ক্ষা পূরণ করে আল্লাহ ও তার রসূলের আদর্শ এবং তার দেখে যাওয়া পথে এ দেশ পরিচালিত করবে।

মিঠাপুকুরে জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর আসাদুজ্জামান শিমুল এবং তারাগঞ্জে সভাপতিত্ব করেন উপজেলা আমির এসএম আলমগীর হোসেন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সুরা কমিটির সদস্য ও রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে জোটের প্রার্থী মো. গোলাম রাব্বানী, মহানগর আমির এটিএম আজম খান, রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, ব্রাকসুর সাবেক ভিপি মো. মোস্তাকুর রহমান জাহিদ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দসহ স্থানীয়রা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন