পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি ইসলামী আন্দোলনের

পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি ইসলামী আন্দোলনের

সতর্কতা অবলম্বনের পাশাপাশি পোশাক শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে আমলে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

বিজ্ঞাপন

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘পোশাকখাতে কর্মীরা তাদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন এবং ইতোমধ্যে সেই আন্দোলন বড় আকার ধারণ করেছে। আমরা পোশাক খাতের শ্রমিকদের ন্যায্য বেতন ও মজুরি বৃদ্ধির দাবির সঙ্গে পূর্ণ একাত্মতা প্রকাশ করছি। বর্তমান চনমনে মূল্যস্ফীতির বাজারে এই বেতনে জীবন ধারণ করা সম্পূর্ণ অসম্ভব। পোশাক খাতের ব্যবসায়ীরা কোটিপতি হয়ে বিলাসবহুল জীবনযাপন করলেও শ্রমিকরা প্রান্তিকই থেকে যান। তাই সরকার ও নীতি নির্ধারকদের বলব, সর্বত্র জুজুর ভয় দেখানো বন্ধ করুন। শ্রমিকরা যাতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন, তেমন একটি সম্মানজনক বেতন নির্ধারণ করে তাদের আর্থিক অনিশ্চয়তা থেকে মুক্তি দিন।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার বিষয়ে তিনি বলেন, ‘শ্রমিকদের আন্দোলনে কোনোভাবেই শক্তি প্রয়োগ করা যাবে না। আমরা স্বৈরাচারী আমলের পুলিশ বাহিনীর মতো নির্মম দমনপীড়ন দেখতে চাই না। ফ্যাসিবাদী চরিত্রের আইনশৃঙ্খলা বাহিনী এ দেশের মানুষ আর দেখতে চায় না। তাই জোরপূর্বক নয়, আলোচনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মাধ্যমেই এই সমস্যার সমাধান করতে হবে।’

শ্রমিক ভাইদের প্রতি আহ্বান জানিয়ে মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, কাউোর রাজনৈতিক স্বার্থে বলি হওয়া যাবে না। এই পোশাকশিল্প থেকেই আপনাদের রুটি-রুজির ব্যবস্থা হয়। আপনাদের দাবির প্রতি আমাদের নৈতিক সংহতি রয়েছে, তবে সেই দাবি আদায় করতে গিয়ে কোনোভাবেই পোশাকশিল্প ও দেশের ক্ষতি করা যাবে না।

সরকারের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, এই আন্দোলনকে নানা মহল নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে, এমনকি পতিত ফ্যাসিবাদও এর সুযোগ নিতে পারে। তাই সরকারের তরফ থেকে সর্বোচ্চ সতর্কতা কাম্য। যত দ্রুত সম্ভব শ্রমিকদের সঙ্গে সরাসরি আলোচনায় বসে সমস্যার সমাধান করুন এবং তাদের মনে প্রয়োজনীয় আস্থা তৈরি করুন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন