জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির ৭ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আগের কমিটির আহ্বায়ক তারিকুল ইসলামকে সভাপতি এবং প্রকৌশলী ফরহাদ সোহেলকে সাধারণ সম্পাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
শনিবার দুপুরে রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় আয়োজিত জাতীয় যুবশক্তির সমন্বয় সভায় এ কমিটি ঘোষণা করা হয়। এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন এ কমিটি ঘোষণা করেন। তিনি জানান, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
যুবশক্তির সিনিয়র সহসভাপতি পদে তুহিন মাহমুদ ও খালেদ মাহমুদ মোস্তফা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী আয়েশা আহমেদ এবং সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক পদে ইয়াসিন আরাফাত দায়িত্ব পেয়েছেন।
আখতার হোসেন বলেন, সম্প্রতি যুবশক্তির কেন্দ্রীয় কমিটির দশম সাধারণ সভায় কাউন্সিলের মাধ্যমে এ কমিটি অনুমোদিত হয় এবং এনসিপিও তা অনুমোদন দিয়েছে। পরে তিনি নতুন নেতাদের নাম ঘোষণা করেন এবং তাদের পরিচয় করিয়ে দেন।
বিএনপি গণভোটে হ্যাঁ-এর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন জনগণের সাথে প্রতারণা করছে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি যখন বলে যে তারা সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে সরকার গঠন করেছে, তাই তারা যা খুশি তাই করতে পারে—এই বক্তব্য গণভোটের সঙ্গে প্রতারণার শামিল। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, নির্বাচনের পর শপথের প্রথম দিনেই বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনরায় উপেক্ষা করে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিচ্ছে।
সরকারকে হুঁশিয়ার করে আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের সাথে আঁতাত করে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার সুযোগ দেবে না এনসিপি। আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে বলে সতর্ক করেন এনসিপির সদস্য সচিব।
এর আগে গত বছরের ১৬ মে আত্মপ্রকাশ করে যুবশক্তি। সে দিন তারিকুল ইসলামকে আহ্বায়ক এবং জাহেদুল ইসলামকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়। গত ১৯ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ তিনটি দল-সংগঠনের ৪৫ নেতাকর্মী এনসিপিতে যোগ দেওয়ার পরদিন রাতে যুবশক্তির সদস্যসচিব পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন জাহেদুল৷
এনসিপিতে যোগ দেওয়া নতুন নেতাদের জায়গা করে দিতে তিনি সরে দাঁড়ান বলে দলীয় সূত্রে জানা যায়। এরপর গতকাল সমন্বয় সভায় যুবশক্তির নতুন নেতৃত্বের ঘোষণা এল। তবে নতুন কমিটি সাধারণ সভায় সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে বলে জানানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

