ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ বনগাঁর বিধায়ক স্বপন মজুমদারের সাম্প্রতিক একটি বক্তব্যকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বাংলাদেশের অস্তিত্ব ও সার্বভৌমত্ব নিয়ে ওই বিধায়কের মন্তব্যের পাশাপাশি সীমান্ত এলাকায় অস্থিরতা তৈরির অভিযোগ তুলে দলটি সরকারের কাছে কঠোর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।
এনসিপির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে দাবি করা হয়, বিধায়ক স্বপন মজুমদার সম্প্রতি মন্তব্য করেছেন যে “বাংলাদেশের অস্তিত্ব থাকবে না” এবং “শেখ হাসিনা পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে যাবে”।
বিবৃতি অনুযায়ী, তিনি বাংলাদেশের গণঅভ্যুত্থানকে বিদেশি শক্তির ষড়যন্ত্র এবং দেশের নির্বাচিত সরকারকে অবৈধ হিসেবে উল্লেখ করেছেন।
বিবৃতিতে এনসিপি অভিযোগ করে, ভারত রাষ্ট্রের প্রত্যক্ষ মদদ বা সম্মতি ছাড়া একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে এমন বক্তব্য দেওয়ার কথা নয়। দলটির দাবি, ভারতের কিছু উগ্রবাদী সংগঠন সীমান্ত এলাকায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে এবং বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ক্ষেত্র তৈরির অপচেষ্টা চলছে; যেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যোগসাজশও রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এসব বক্তব্য ও তৎপরতাকে বাংলাদেশের জনগণ, গণতান্ত্রিক প্রক্রিয়া ও সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে বর্ণনা করেছে এনসিপি।
প্রতিবাদ বিবৃতিতে এনসিপি জানায়, বহিরাগত যেকোনো হুমকি মোকাবিলায় দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকবে। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, অবিলম্বে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিষয়টি তুলে ধরতে হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ভারতীয় বিধায়ক, ভারত সরকার কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




