বিমানবন্দর থেকেই এভারকেয়ারে মায়ের কাছে যাবেন তারেক রহমান

বিমানবন্দর থেকেই এভারকেয়ারে মায়ের কাছে যাবেন তারেক রহমান

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরা উপলক্ষে বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও ছাত্র-জনতার রাজধানীতে আগমনের সম্ভাবনা কথা জানিয়ে বিভিন্ন রুটে বিশেষ ট্রেন রির্জাভ চেয়েছে বিএনপি।

দেশে ফিরে বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মায়ের কাছে যাবেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

বিজ্ঞাপন

তিনি বলেন, মানুষের জীবনে মা সবার আগে। তিনি (তারেক রহমান) সম্ভবত বিমানবন্দর থেকে সরাসরি তার মায়ের কাছে আসবেন। এরপর তিনি সিনিয়র নেতাদের সঙ্গে বসবেন, পরামর্শ করবেন এবং রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করবেন।

তিনি আরও বলেন, আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের নেতা জনাব তারেক রহমানের নিরাপত্তা। কোনো বড় ভবনের নিচে বড় করে লিখে রাখা হয় ‘সেফটি ফার্স্ট’, ঠিক তেমনভাবেই আমাদের প্রিয় নেতার ক্ষেত্রেও এই কথাটাই সবার আগে ভাবতে হবে। এটা শুধু দলীয় আবেগের বিষয় নয়, এটা রাষ্ট্রীয় দায়িত্বের প্রশ্ন।

তারেক রহমানের নিরাপত্তা ‘রাষ্ট্রীয় দায়িত্ব’ কেন, এর ব্যাখ্যা দিয়ে রুমন বলেন, ‘কারণ তারেক রহমান শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেতা নন। তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি এবং আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার স্বাভাবিক ধারাবাহিকতা রক্ষার অন্যতম প্রধান ভরসা। এই কারণেই বলছি, দল কতটুকু করল না করল—সেটার চেয়ে রাষ্ট্র ও সরকারের দায়িত্ব অনেক বড়।

আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে রাজধানীতে জড়ো হবেন দলের নেতাকর্মীরা। ধারণা করা হচ্ছে, রেকর্ডসংখ্যক নেতাকর্মী ও জনমানুষের ভিড় হতে পারে রাজধানীতে। এত বড় জমায়েত সামাল দিতে বিএনপি প্রস্তুত বলেও দাবি করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন