বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, একটি চক্র গোপালগঞ্জের ঘটনা ও সোহাগ হত্যার ঘটনায় দেশকে অস্থিতিশীল করে তুলছে। নির্বাচনকে বিপন্ন করা দীর্ঘায়িত করা ও নির্বাচনকে বন্ধ করে দেশে আবার একটি জরুরি অবস্থা জারি করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে তারা। যারা দেশে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে রায়পুরায় বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ডা. সজীব সরকারের শাহাদাত বার্ষিকীতে এক মিলাদ ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে জুম্মার নামাজের পরপরই শহীদ ডা. সজীব সরকারের কবরে ফুল দিয়া শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিএনপি।
খায়রুল কবির খোকন আরো বলেন, অত্যাচার, অবিচার, নিপীড়ন, গুম, হত্যার পর আমরা একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি। কোনো অবস্থাতেই যেন শহীদের রক্ত বৃথা না যায়। যারা আন্দোলন করে আমাদের মুক্ত করে দিয়েছে তাদের সম্মান করতে হবে। তিন মাসের মধ্যে নির্বাচন করার কথা ছিল, এখন দশ মাস পার হয়ে গেছে। সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস যখন লন্ডনে তারেক রহমানের সাথে বিশেষ বৈঠক করেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করার কথা জানিয়েছেন, তখন জনগণ একটু স্বস্তি পেয়েছিল। কিন্তু এতে কয়েকটি দলের মাথা বিগড়ে যায়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সহ সভাপতি ও সাবেক নির্বাহী কমিটির সদস্য জামাল আহমেদ চৌধুরী, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভুইয়া রুহেল, সদস্য জাহাঙ্গীর আলম বাদল, নরসিংদী জেলা যুবদল সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, রিয়াদ বিএনপি সভাপতি হামিদুল হক শামীম, রায়পুরা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, রায়পুরা পৌরসভা সাবেক মেয়র আব্দুল কুদ্দুসসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

