মব জাস্টিসের নামে একটি গোষ্ঠী দেশে বিশৃঙ্খলা তৈরি করে আইন নিজের হাতে নিচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
বৃহস্পতিবার বিকেলে পল্লবী ৭ নম্বর সেকশনে থানা বিএনপি ও যুব দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
আমিনুল হক বলেন, মব জাস্টিসের নামে তারা দেশের আইন অন্যায়ভাবে নিজেদের হাতে তুলে নিয়ে দেশে একটা অরাজকতা ও বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি করছে। আজকে দেশের বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে পাড়া মহল্লায় অনৈতিক কাজ করে একটা বিশৃঙ্খলা চলছে। এটা কখনোই আমরা কামনা করি না।
তিনি বলেন, সেই বিশৃঙ্খলার কারণে বাংলাদেশের মানুষের আইনের প্রতি যে আস্থা যে বিশ্বাস ছিল। এটা আস্তে আস্তে ভেঙ্গে যাচ্ছে এবং এর দায় দায়িত্ব কিন্তু এই অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভিতরে যে অস্থিতিশীল অবস্থা রয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে আপনারা আইনের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে ও শৃঙ্খলার মাধ্যমে কোন কিছুই নিয়ন্ত্রণ করতে পারছেন না।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনী,পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

