আ. লীগকে গণহত্যার দায়ে বিচারের আওতায় আনার দাবি বিএনপির

আ. লীগকে গণহত্যার দায়ে বিচারের আওতায় আনার দাবি বিএনপির

আওয়ামী লীগকে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপি। শনিবার রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ এ দাবি জানান।

তিনি বলেন, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে। সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী আওয়ামী লীগের বিচার করা যায়। বিচারে যা হবে তা এদেশের মানুষ মেনে নেবে।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করে বলেন, গণহত্যা, মানবতাবিরোধী কর্মকাণ্ডের দায়ে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, শেখ হাসিনা সহ তার দোসরদের, সেই মামলা গুলোতে কোন দৃশ্যমান অগ্রগতি নেই। সমগ্র জাতি উদগ্রীব, তারা প্রত্যাশা করে যেন দ্রুত এই মামলা গুলো নিষ্পত্তি হয়। সেজন্য আমরা প্রস্তাব করছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করা হোক, সেইসাথে জনবল ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি করা হোক। প্রয়োজনে বিভাগীয় শহরে ট্রাইব্যুনাল স্থাপন করা যেতে পারে।

নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহম্মেদ বলেন, আমরা সংস্কার চাই, বিচার চাই তবে তা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। প্রধান উপদেষ্টা বার বার বিভিন্ন মাধ্যমে ডিসেম্বরে নির্বাচন দেয়ার কথা বলেছেন। কিন্তু এখন নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক কথাবার্তা হচ্ছে। বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুন আবার বলা হয় জুন থেকে ডিসেম্বর। আমরা ডিসেম্বরে নির্বাচনের রোড মাপ ঘোষণা চাই। আমাদের দাবির সাথে ইসলামী হেফাজত একমত হয়েছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দও একমত হয়েছেন। এ সময় সালাহউদ্দিন আহমদ আলেম-ওলামাদের মামলা প্রত্যাহারের দাবি জানান।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজেদুর রহমানের নেতৃত্বে ড. আহমদ আবদুল কাদের, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, নায়েবে আমির মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি মনির হোসাইন কাসেমী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন