দেশে নাশকতা ও সহিংসতা প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ সংলাপ শুরু হতে পারে। বিরোধী জোটের জামায়াতে ইসলামীসহ জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব রাজনৈতিক দলকে এ আলোচনায় আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে সরকারপ্রধানের।
এনসিপির দায়িত্বশীল একাধিক নেতা ‘আমার দেশ’কে জানিয়েছেন, দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ লন্ডন সফর শেষে দেশে ফিরবেন। এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এনসিপিকে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দলটির বৈঠক হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
রোববার এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদের সদস্য সারোয়ার তুষার গণমাধ্যমকে জানান, আগামীকাল সোমবার মধ্যাহ্নভোজের সময় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণকে স্বাগত জানিয়েছে। তবে চার সদস্যের প্রতিনিধি দলের সদস্যদের নাম এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে ফেরার পর প্রতিনিধি দলের সদস্য নির্বাচন করা হবে।
তিনি বলেন, আমাদের আলোচনার মূল বিষয় হবে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি ক্ষমতাসীন বিএনপির ছাড় দেওয়ার বিষয়টি। পাশাপাশি ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণহত্যার বিচার এবং গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিও জানাব আমরা, বলেন তিনি।
তুষার বলেন, এনসিপি মনে করে, এসব বিষয়ের পাশাপাশি আওয়ামী লীগকে দলটির ভাষায় ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আওতায় আনাও জাতীয় ঐক্যের ভিত্তি হওয়া উচিত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



