জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রির অপরাজনীতি করার জন্য যুগে যুগে ইতিহাস বিকৃত করেছে। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা নয় বরং পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তাই তিনি ৭ মার্চ বক্তব্য শেষ করেছিলেন জিয়ে পাকিস্তান বলে। ৭ মার্চ ভাষণ নিঃসন্দেহে আলোড়ন সৃষ্টি করা বক্তব্য কিন্তু সেই ভাষণে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নেই।
শুক্রবার শিশুকল্যাণ পরিষদ হলরুমে যুব জাগপা আয়োজিত বন্ধুপ্রতিম যুব সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, সময় এসেছে ৭১-এর সঠিক ইতিহাস প্রকাশ করার। ৭১-এর চেতনা বিক্রির অপরাজনীতি বাংলাদেশে মুখ থুবড়ে পড়েছে। ২৪-এর চেতনা বিক্রির অপরাজনীতি কেউ করতে চাইলে সেটাও এক সময় হারিয়ে যাবে। আমি আমার যুবক ভাইদের অনুরোধ করবো ৭১ এবং ২৪ থেকে শিক্ষা গ্রহণ করুন। ৭১ এবং ২৪ এর চেতনাকে ধারণ করুন কিন্তু সেই চেতনাকে আওয়ামী লীগের মত কেজি দরে বিক্রয় করার চেষ্টা করবেন না কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না। আগামীর স্বাধীন সার্বভৌমত্ব সুন্দর বাংলাদেশ গড়তে হলে আমাদের সকলের একতাবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আওয়ামী লীগের অপরাজনীতি এবং ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

