তিন দফা দাবিতে ইনকিলাব মঞ্চ ও এনসিপির ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালিত

তিন দফা দাবিতে ইনকিলাব মঞ্চ ও এনসিপির ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালিত

গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিতকরণ, জুলাই সনদ বাস্তবায়ন, শহীদ শরীফ ওসমান হাদি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যাসহ শাপলা চত্বরের গণহত্যার বিচারের দাবিতে ধামরাইয়ে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালিত হয়েছে।

বিজ্ঞাপন

ইনকিলাব মঞ্চের উদ্যোগে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বৈষম্যবিরোধী আন্দোলনের শরিক দল ও সাধারণ জনতার অংশগ্রহণে এই কর্মসূচি পরিচালিত হয়।

ঘোষিত এই কর্মসূচির প্রধান ৩টি দাবি হলো-

জুলাই সনদ বাস্তবায়ন: জুলাই সনদ অনুযায়ী আগামীর রাষ্ট্র পরিচালনা এবং গণভোটে জনগণের দেওয়া গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার নিশ্চিত করা।

ওসমান হাদি হত্যার বিচার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান।

গণহত্যার বিচার: ঐতিহাসিক শাপলা চত্বরের গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় ও নিরপেক্ষ বিচার সুনিশ্চিত করা।

দেশব্যাপী জনমত গঠন ও গণজাগরণ তৈরির অংশ হিসেবে বিভিন্ন জেলা ও উপজেলার মতো ধামরাইয়েও পদযাত্রা, পথসভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা উত্তরের যুগ্ম সদস্য সচিব ও ধামরাই উপজেলার প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন, ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের, পৌর সদস্য সচিব নাজমুল হক, ছাত্রশক্তির আহ্বায়ক সামিউল ইসলাম লিমন ও যুব শক্তির আহ্বায়ক আশিকুর রহমানসহ ইনকিলাব মঞ্চ ও এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান এবং শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত নতুন বাংলাদেশে কোনো ধরনের অন্যায়, বৈষম্য বা বিচারের নামে কালক্ষেপণ মেনে নেওয়া হবে না। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি প্রান্তে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও সব গণহত্যার চূড়ান্ত বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই “মার্চ ফর ইনসাফ” কর্মসূচি অব্যাহত থাকবে।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ন্যায়বিচার ও তিন দফা দাবি বাস্তবায়ন না করা হলে আগামী দিনে দেশের সর্বস্তরের সাধারণ জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন