জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ তামীম

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ তামীম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লেখক, সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট রায়হান আহমেদ তামীম।

বিজ্ঞাপন

বুধবার রাতে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দায়িত্ব পাওয়ার পর জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে রায়হান আহমেদ তামীমকে সংগঠনে স্বাগত জানান। এ ছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও তার শুভাকাঙ্ক্ষীরাও তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

রায়হান আহমেদ তামীম জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আন্দোলনের সময় তিনি পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছিলেন। পরে শেখ হাসিনা দেশত্যাগের পর তিনি মুক্তি পান।

সাবেক মাদ্রাসা শিক্ষার্থী রায়হান আহমেদ তামীম বর্তমানে পিআর (পাবলিক রিলেশনস), ব্র্যান্ডিং ও মার্কেটিং বিষয়ে কাজ করছেন। তিনি একটি পিআর এজেন্সির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া গ্রামে।

এর আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সংগঠনটির কার্যক্রম স্তিমিত হয়ে এলে তিনি সক্রিয় রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়ে পেশাগত ও ব্যক্তিগত জীবনে মনোনিবেশ করেন।

দীর্ঘদিন পর আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়ে রায়হান আহমেদ তামীম বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত হওয়ার পর রাজনীতিতে কাগজে-কলমে যুক্ত না থাকলেও চিন্তা-চেতনায়, মননে-মগজে রাজনীতির সঙ্গে পরোক্ষভাবে যুক্ত ছিলাম।”

তিনি আরও বলেন, “এই পর্যায়ে এসে জাতীয় যুবশক্তির সঙ্গে ঘটা করে যুক্ত হলাম কারণ, আমার মনে হয়েছে তরুণ-যুবকদের নিয়ে আমার কাজ করার সুযোগ রয়েছে। বিশেষ করে আমি আমার জন্মস্থান মুন্সিগঞ্জের কিশোর-তরুণদের নিয়ে কাজ করতে চাই। রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার ফলে কাজের বাড়তি কিছু সুবিধা পাওয়া যাবে।”

রাজনীতি ও অ্যাক্টিভিজমের পাশাপাশি দীর্ঘদিন ধরে জাতীয় গণমাধ্যমে লেখালেখির সঙ্গেও যুক্ত রয়েছেন রায়হান আহমেদ তামীম। প্রায় নয় বছর ধরে তিনি বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি করছেন। দৈনিক আমার দেশ, সমকাল, জাগো নিউজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে নিয়মিত ফিচার লেখক হিসেবে কাজ করেছেন তিনি।

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে নতুন দায়িত্ব পাওয়ার পর তরুণ ও যুবসমাজকে সংগঠিত করা এবং তাদের নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন রায়হান আহমেদ তামীম। তার এ দায়িত্বপ্রাপ্তিকে কেন্দ্র করে সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন