ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলী সেনাদের হামলায় সেখানকার অসংখ্য ফিলিস্তিনি জনগণ ও শিশু হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও শোক জানিয়েছেন।
শুক্রবার দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
মির্জা ফখরুল বলেন, পবিত্র রমজান মাসেও ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর চলছে মানবতাহীন নিষ্ঠুর বর্বরতা। গাজা উপত্যকাকে বধ্য ভূমিতে পরিণত করা হয়েছে। আন্তর্জাতিক রীতিনীতি উপেক্ষা করে নির্বিচারে বিমান হামলায় নারী ও কোলের শিশুসহ হাজারেরও অধিক ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বৎসরাধিক কাল ধরে চলা ইসরায়েলের অবিরাম হামলায় ফিলিস্তিনের উপত্যকাটি যেন প্রাণহীন ঊষর মরুভূমিতে পরিণত হতে যাচ্ছে, উপত্যকাটি যেন এখন এক ভয়াল মৃত্যুপুরী। যুদ্ধবিরতির পরও নতুন করে এই হামলা বেআইনি ও মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ।
তিনি গাজা উপত্যকায় রক্তপাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে উল্লেখ করে বলেন, ইসরাইলের এই ভয়াবহ রক্তাক্ত আগ্রাসন ফিলিস্তিন জাতিকে নিশ্চিহ্ন করার একটি সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান। বিশ্ব জনমতের কোনো তোয়াক্কা না করে দখলদার শক্তি ইসরাইলীরা আধিপত্য বজায়ের খেলায় মেতে রয়েছে। ফিলিস্তিনে ইসরাইলের সম্প্রসারণবাদী আগ্রাসন বন্ধ করে সেখানে জনগণের জানমালের নিরাপত্তাসহ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বিশ^সম্প্রদায়কে আরও বেশী সোচ্চার হতে হবে।
তিনি বিবৃতিতে ইসরাইলী সামরিক হামলায় নিহত ফিলিস্তিনিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের নিকটজনদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি একই সঙ্গে আহতদের আশু সুস্থতা কামনা করেন।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

