আতঙ্কিত সাধারণ মানুষ, অন্তর্বর্তী সরকার ব্যর্থ: জাতীয় পার্টি

আতঙ্কিত সাধারণ মানুষ, অন্তর্বর্তী সরকার ব্যর্থ: জাতীয় পার্টি

দেশব্যাপী হত্যাকাণ্ড, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, দখলবাজিসহ ধারাবাহিক অপরাধী অপকর্মে গোটা জাতি চরম আতঙ্কিত বলে জানিয়েছেন জাতীয় পার্টির (রওশন) মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কারণ, অন্তর্বর্তীকালীন সরকার এরই মাঝে সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতীয় পার্টি (রওশন) আয়োজিত সংবাদ সম্মেলনে থেকে এসব কথা বলেন তিনি।

এসময় মামুনূর রশিদ বলেন, ১০ জুলাই পুরান ঢাকায় ঘটে যাওয়া হত্যাকাণ্ডসহ দেশব্যাপী হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, দখলবাজিসহ ধারাবাহিক অপরাধে গোটা জাতি চরম আতঙ্কে রয়েছে। বাংলাদেশের আঠারো কোটি মানুষ এসব অপরাধে ভীষণ অসহায় বোধ করছে। কারোরই জানমাল আজ নিরাপদ নয়। এমন অবস্থা চলতে থাকলে দেশ এক চরম পরিণতির দিকে ধাবিত হয়ে অন্ধকারে আটকে পড়বে, যা কারোরই কাম্য নয়।

তিনি আরো বলেন, এই পরিস্থিতিতে জাতীয় পার্টি মনে করে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার চরম উদাসীনতা ও সিদ্ধান্তহীনতার পরিচয় দিচ্ছে। এ থেকে মুক্তির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, পেশাজীবী, ছাত্রজনতা— সবার ঐক্যের কোনো বিকল্প নেই। দেশি-বিদেশি অপশক্তি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় এবং অর্থনীতির চাকা ধ্বংস করতে চক্রান্ত চালাচ্ছে। একই চক্রান্ত সশস্ত্র বাহিনীর বিরুদ্ধেও চলছে, যাতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর অর্জিত সুনাম বিনষ্ট করা যায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (রওশন) প্রেসিডিয়াম সদস্য শফিকুর রহমান শফিক, খন্দকার মনিরুজ্জামান টিটু, সৈয়দ ওয়াহেদুল ইসলাম তরুণ, হাফসা সুলতানা প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন