প্রধানমন্ত্রীর একান্ত সহকারী রাশেদ খানের লাইভে এসে আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ সিরাজুল ইসলাম। তারা বলেছেন, রাশেদ খান মজলুম মানুষের কলিজায় আঘাত করেছেন। মনে রাখবেন, ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলা গেলেও সম্পাদক মাহমুদুর রহমানের কণ্ঠ রোধ করা যাবে না।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে যুব জাগপার শীর্ষ নেতারা এসব কথা বলেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী হওয়ার পর রাশেদ খানের বিভিন্ন অনিয়ম অন্য গণমাধ্যমগুলো এড়িয়ে গেলেও ‘আমার দেশ’ সাহসী ভূমিকা পালন করছে। এটিই গণমাধ্যমের প্রকৃত বাকস্বাধীনতা। এ জন্য গণমাধ্যমকে গলাটিপে ধরার চেষ্টা করবেন না।
যুব জাগপার নেতৃবৃন্দ অবিলম্বে ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় রাশেদ খানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
এছাড়া পৃথক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুব জাগপা ঢাকা মহানগর সভাপতি এস এম ওলিউল আনোয়ার ও সাধারণ সম্পাদক ওসমান গণি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


