বিদ্যুতের দাম বৃদ্ধি সরাসরি উৎপাদন ব্যয় বাড়াবে, যার প্রভাব কৃষি থেকে শিল্প—সব খাতেই পড়বে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার বাংলামোটরে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটি আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের সাধারণ নাগরিকেরা ইতোমধ্যেই বিভিন্ন ধরনের করের বোঝা বহন করছেন। ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলসহ বিভিন্ন খাতে নিয়মিত কর পরিশোধ করা হলেও সেই অনুপাতে নাগরিক সেবার উন্নয়ন দৃশ্যমান নয়। বিশেষ করে সড়ক অবকাঠামো ও যানজট নিরসনে কার্যকর কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না, যদিও এসব খাতের উন্নয়নের জন্যই জনগণের কাছ থেকে কর আদায় করা হয়।
বিদ্যুতের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, সরকার একদিকে প্রিপেইড মিটারের মাসিক চার্জ কমানোর প্রচার করছে, অন্যদিকে বিদ্যুতের মূল্য বাড়িয়েছে। বিদ্যুতের দাম বৃদ্ধি সরাসরি উৎপাদন ব্যয় বাড়াবে, যার প্রভাব কৃষি থেকে শিল্প—সব খাতেই পড়বে। ফলে দ্রব্যমূল্যের ওপর নতুন চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এর নেতিবাচক প্রভাব সাধারণ মানুষের ওপর কমিয়ে আনবে।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

