বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ৫০ দিনের মধ্যে একটি কমিশন গঠন করে এম ইলিয়াস আলী গুমের রহস্য উদঘাটন করা হবে।
শুক্রবার সন্ধ্যায় ইলিয়াস আলীর জন্মস্থান বিশ্বনাথে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্বনাথ পৌর শহরে রামসুন্দর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে বিশ্বনাথে উপজেলা ও পৌরবাসীর ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির নেতা কর্মীদের উদ্দেশে বলেন, তারেক রহমান আমাকে সিলেট-২ আসনে কাজ করতে নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, দল যদি আমাকে এই আসন থেকে নমিনেশন দেো হয়, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই তাহলে আজ আপনাদের কাছে ওয়াদা করে গেলাম, যদি কখনো ইলিয়াস আলীর সন্ধান পাই তাহলে এই আসন আলী ভাইকে ফিরিয়ে দেব।
তিনি বলেন, আগামীতে আমার নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ইনশাআল্লাহ বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা উন্নয়ন থেকে বঞ্চিত হবে না।
হুমায়ুন কবির বলেন, আমাদের রাজনীতি হবে ৩১ দফার আলোকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি। আমরা বিজয়ী হলে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনে প্রাথমিক বিদ্যালয়ে মেধাবীদের চাকরিতে জায়গা করে দিব। একইসাথে দেশের স্বাস্থ্য ও রাস্তাঘাটের উন্নয়ন করব। বিগত সময়ে যারা আলেম-ওলামা ও রাজনীতিবিদদের জুলুম-নির্যাতন করেছেন তাদের বিচার হবে।
তিনি বলেন, বিগত ১৫-১৬ বছর ধরে তারেক রহমানের সাথে থেকে অভিজ্ঞতা অর্জন করেছি। আমাকে সুযোগ দিলে উন্নয়নের ব্যাপারে সব সময় আমার দরজা সকলের জন্য উন্মুক্ত থাকবে।
বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্বাস আলী চেয়ারম্যানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, জেলা বিএনপির সহ-সভাপতি আশিক চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, যুগ্ম-সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু চৌধুরী, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
এছাড়া বক্তব্য রাখেন- বিশ্বনাথের লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দেওকলস ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাইরুল আমিন আজাদ, বিএনপি নেতা সাজ্জাদুর রহমান সুহেল, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, জেলা যুবদল নেতা দিলোয়ার হোসেন সজিব, জেলা ছাত্রদল নেতা তাজুল ইসলাম সাজু, সেচ্ছাসেবকদল নেতা সাজ্জাদুর রহমান শিপলু।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

