বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কাজী নজরুল। বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিস্থলে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
রিজভী বলেন, উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূলমন্ত্র কাজী নজরুল ইসলামের চেতনা। জুলাই গণঅভ্যুত্থানসহ জাতীয় আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণাও ছিলেন এই কবি। স্বৈরাচার সরকারের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি।
তিনি বলেন, রমজানের আগেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ১৫ বছরের বঞ্চিত মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। উন্নয়নতর গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। যা বলে গেছেন কবি।
রিজভী বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান তার চেতনাকে ধারণ করে সংগ্রাম চালিয়ে এসেছেন। জাতি যখন দিশেহারা হন তখন তার লেখা হয়ে ওঠে আদর্শ। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে ২৪-এর গণঅভ্যুত্থান সবসময়ই কবির লেখা ছিল প্রাসঙ্গিক।
জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানায় সংস্কৃতি মন্ত্রণালয়, নজরুল ইনস্টিটিউট, জাতীয় জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিভিন্ন হলের শিক্ষার্থীরাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনগুলো।
ফুলেল শ্রদ্ধা শেষে কবির সমাধি চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়াও কবিকে স্মরণ করতে রাজধানীসহ সারা দেশে নেয়া হয়েছে দিনব্যাপী নানা আয়োজন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

