বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠন করতে চায় বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্বের অভাবে বাংলাদেশ বারবার পথ হারাচ্ছে। জামায়াতে ইসলামীতে রয়েছে সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্ব। যার দৃষ্টান্ত জামায়াতের সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। যেই দলের আমির ও সেক্রেটারি তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেও দুই পয়সা দুর্নীতি করেননি। যে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজের অভিযোগ নেই। সেই দলই পারবে জাতির প্রত্যাশিত একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে। জনগণ যদি জামায়াতে ইসলামকে একবার সেই সুযোগ দেয়, জামায়াতে ইসলামী একটি সুখী-সমৃদ্ধ দেশ জাতিকে উপহার দিবে।
বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীর ইস্কাটনের ঢাকা লেডিস ক্লাবে ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য, আমরা বৃটিশদের ২০০ বছরের শাসন-শোষণ থেকে মুক্ত হয়েও স্বাধীনতা পাইনি। ১৯৭১ সালে পাকিস্তানের শাসন-শোষণ থেকে মুক্ত হয়েও স্বাধীনতা পাইনি। সবশেষ ২০২৪ সালে ২য় স্বাধীনতা যেই ঐক্যের ভিত্তিতে অর্জন হয়েছে সেই স্বাধীনতাও ৫/৬ মাসের ব্যবধানে হুমকির মুখে পড়তে যাচ্ছে বলে মনে হয়। যেই ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, সেই ঐক্যে ফাটল দেখা যাচ্ছে।
তিনি বলেন, দেশ ও জাতির স্বার্থে সব দলকে বুঝতে হবে ঐক্যবদ্ধ জাতিকে পরাজিত করা যায় না। তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়। সাংবাদিকদের নৈতিক দায়িত্ব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় হিসেবে তুলে ধরতে হবে। পক্ষপাতিত্বের সাংবাদিকতা পরিহার করতে হবে। তিনি নতুন বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামীর অঙ্গীকার বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা করার আহ্বান জানান।
জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের সাবেক সম্পাদক আবুল আসাদ, দৈনিক নয়া দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক সালাহউদ্দিন বাবর, দৈনিক সংগ্রামের সম্পাদক আজম মীর শহিদুল আহসান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, দ্য নিউ নেশনের সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া বিভাগীয় সম্পাদক মুহাম্মদ দেলাওয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী প্রতি বছর সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজনের মাধ্যমে পরস্পর সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে। কিন্তু বিগত সময়ে আওয়ামী লীগ আমাদেরকে এসব আয়োজন করতে দেয়নি। আমরা ভিন্ন নামে ভিন্ন ব্যানারে এসব অনুষ্ঠান করতে হয়েছে। এসময় তিনি আরো বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ স্লোগান দিয়ে হবে না, মিছিল করে হবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার উপরে দেশ এই চেতনায় নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে জামায়াতের মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দসহ দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

