জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের ১ বছর পার হতে চলেছ। তবুও আমরা জুলাই সনদ প্রকাশ করতে পারছি না। এই ব্যর্থতার দায় কে নেবে? অন্তর্বর্তী সরকার বার বার জুলাই সনদ প্রকাশের নতুন নতুন সময় দিয়েও তা পূরণে ব্যর্থ হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র মাসব্যাপী কর্মসূচির প্রথমদিনে পল্টনের কার্যালয়ে মঙ্গলবার সকাল ১১ টায় জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না। আমরা হাজারো শহীদের রক্তকে ব্যর্থ হতে দিতে পারি না। আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জুলাই সনদকে হতে হবে আমাদের রূপরেখায়। তাই আর বিলম্ব নয়, এই জুলাই মাসেই জুলাই সনদ প্রকাশ করতে হবে।
রাশেদ প্রধান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগ, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলার ছাত্র-জনতার সফল আন্দোলনের পরেও আমরা যদি জুলাই সনদ করতে না পারি তাহলে সকল জুলাই যোদ্ধাকে ভবিষ্যতে সন্ত্রাসী হিসেবে গণ্য করা হবে।
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং ৬ অগাস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
দোয়ার পূর্বে আরও বক্তব্য রাখেন- জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, নিজামুদ্দিন অমিত, ভিপি মুজিবুর রহমান, মো. হাসমত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুর রহমান বাবলা, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, যুব জাগপা সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


