বিএনপিকে ‘ব্যর্থ আওয়ামী লীগ’ হিসেবে আখ্যা দিয়ে দলটির রাজনৈতিক চরিত্র ও স্ববিরোধিতার কড়া সমালোচনা করেছেন সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ যা যা করতে চেয়েছে, করে সফল হয়েছে। বিএনপিও সেগুলো করতে চেয়েছে, কিন্তু ব্যর্থ হয়েছে। বিএনপি হচ্ছে একটি ফেইল্ড আওয়ামী লীগ।’
শনিবার রাজধানীর এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি নেতারা মুখে বলেন তারা বিপ্লবে বিশ্বাস করেন না; অথচ রাষ্ট্রের সব ধরনের সুযোগ-সুবিধা ও রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত আড়ম্বরপূর্ণভাবে বিপ্লব দিবস পালন করছেন। এটি তাদের মারাত্মক একটি স্ববিরোধী অবস্থান।
২৪-এর গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, ৭ নভেম্বরের একক মালিকানা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে বিএনপি ক্লেইম (দাবি) করতে পারে বলেই তারা এটিকে ‘বিপ্লব’ বলে। কিন্তু ২৪-এর গণঅভ্যুত্থানের একক মালিকানা তারা দাবি করতে পারে না। এই হীনমন্যতা থেকেই তারা ২৪-কে বিপ্লব হিসেবে স্বীকার করতে চায় না। ইতিহাসের এমন সুবিধাজনক অবস্থান ধরে রাখলে ভবিষ্যৎ প্রজন্মের কাঠগড়ায় বিএনপিকে বিচারের মুখোমুখি হতে হবে।
অতীত ইতিহাসের পর্যালোচনা টেনে তিনি উল্লেখ করেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের গণতন্ত্র হত্যা ও একদলীয় শাসনের কোনো বিচার নিশ্চিত না করে তৎকালীন সময়ে তাদের রাজনীতিতে পুনর্বাসন করা হয়েছিল। জাতীয় ঐক্যের নামে বিচারহীনতার সেই সুযোগ পেয়েই পরবর্তী সময়ে আওয়ামী লীগ স্বৈরাচারী হয়ে উঠেছিল।
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, অপরাধ স্বীকার ও অনুশোচনা ছাড়া তওবা যেমন কবুল হয় না, তেমনি বিচার ছাড়া কোনো পুনর্মিলন বা পুনর্বাসন সম্ভব নয়। বিগত ১৭ বছরে লগি-বৈঠা থেকে শুরু করে চব্বিশের গণহত্যা পর্যন্ত আওয়ামী লীগ যে মানবতাবিরোধী অপরাধ করেছে, বিএনপি সেগুলোর বিচার নিয়ে কথা না বলে উল্টো পুনর্বাসনের আলাপ তুলছে। ভিকটিমদের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে আওয়ামী লীগকে পুনর্বাসনের এই চেষ্টা জনগণ কোনোভাবেই মেনে নেবে না।
তিনি জোর দিয়ে বলেন, দল হিসেবে আওয়ামী লীগের আগে কাঠগড়ায় বিচার নিশ্চিত করতে হবে। এরপর আদালত ও দেশের জনগণ নির্ধারণ করবে তারা ভবিষ্যতে রাজনীতি করতে পারবে কি পারবে না।
বিএনপির রাজনৈতিক খাসিলত বা মনস্তত্ত্বের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ আরো বলেন, বিএনপি সবসময় ঐতিহাসিক গণআন্দোলন ও বিপ্লবের সুবিধা নেয়, কিন্তু পরবর্তীতে নিজেরাই আবার ‘আওয়ামী লীগ’ হতে চায়। আওয়ামী লীগ মূলত একটি খাসিলত বা চরিত্রের নাম। গায়ে বিএনপি কিংবা এনসিপির জার্সি চাপিয়ে ভেতরে যদি ‘হাসিনাপনা’ পুষে রাখা হয়, তবে দিনশেষে সে আওয়ামী লীগেই পরিণত হবে।
তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, ১৯৯০, ১৯৯৬ কিংবা ২০০৬ সালে নির্বাচন ও ক্ষমতাকে কেন্দ্র করে বিএনপিই বিভিন্ন সংকটের পথ দেখিয়েছিল; আর আওয়ামী লীগ সেই সুযোগগুলো কাজে লাগিয়ে সফলভাবে স্বৈরতন্ত্র কায়েম করেছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


