স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ ইসলাম

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ ইসলাম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটের ওপর নির্ভর না করে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ লক্ষ্যে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

শুক্রবার গাইবান্ধা জেলা পরিষদের সম্মেলনকক্ষে এনসিপির জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি গায়ের জোরে ক্ষমতায় রয়েছে, তবে এভাবে বেশিদিন টিকে থাকতে পারবে না। ক্ষমতায় থাকতে হলে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। জনগণের রায় উপেক্ষা করে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়।

এনসিপির জেলা সমন্বয়ক খাদেমুল ইসলাম খুদির সভাপতিত্বে ও জেলা সদস্যসচিব রাহাদ ইবনে শহীদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল ইসলাম দর্পণ এবং সহসাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসাইন।

সভায় বক্তারা দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলের প্রস্তুতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন