রাজনৈতিক দলের নিবন্ধন আইনের বিরোধিতা করে বিপ্লবী গণজোটের প্রধান সমন্বয়ক আব্দুল মোনেম বলেছেন, আওয়ামী লীগ দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করে গেছেন।
মঙ্গলবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের তিনি জানান, বিগত সরকারের সময় একটি রাজনৈতিক দল চালাতে মাসে ৩০ লাখ টাকার মত খরচ পড়ত। তবে আন্তর্জাতিক আইনে রাজনৈতিক দলের নিবন্ধন আরো সহজ হয়ে থাকে। আওয়ামী লীগ সরকার দেশকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠা করতে এই আইন করেছিল বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, নিবন্ধন প্রক্রিয়া সহজ করলে ব্যাঙের ছাতার মত দল গড়ে উঠার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এই পরিস্থিতি ঠেকাতে নির্বাচনে জামানতের বদলে অফেরতযোগ্য প্রার্থিতা ফি ধার্যের পরামর্শ দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, ভোটে আস্থা ফিরিয়ে আনতে ও জালভোট মুক্ত নির্বাচন করতে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। যেমন— কোনো প্রার্থী ব্যক্তিগতভাবে প্রচারণা চালাতে পারবেন না। এছাড়া পোস্টারিংয়ের ব্যবস্থা করবে নির্বাচন কমিশন। জাতীয় পরিচয়পত্রের তথ্য থেকে ভোটার কার্ড করতে হবে। সেই কার্ডের সংখ্যার ওপর ভিত্তি করে দিতে হবে ব্যালট পেপার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

