ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন, খোঁজ নিলেন জামায়াত আমির

ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন, খোঁজ নিলেন জামায়াত আমির

গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদকে ফোন করে সার্বিক খোঁজখবর নিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে ফোনালাপের বিষয়টি জানিয়েছেন ডাকসু নেতা মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

ফোনালাপে ডাকসু নেতার বাড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। মুসাদ্দিক জানান, ডা. শফিকুর রহমান তাঁকে এবং তার পরিবারের সদস্যদের ধৈর্য, সাহস ও দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দিয়েছেন এবং মহান আল্লাহর সাহায্য কামনা করে দোয়া করেছেন। এ সময় তিনি মুসাদ্দিকের বাবা-মায়ের প্রতি সালাম ও শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

ফোনালাপের শেষে ডা. শফিকুর রহমান দেশের সার্বিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশ ও জাতির হেফাজত কামনা করেন। অন্যদিকে, সার্বিক খোঁজখবর নেওয়া, পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং সাহস জোগানোর জন্য বিরোধীদলীয় নেতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। একই সঙ্গে দেশের প্রয়োজনে দায়িত্বশীল ভূমিকা পালন এবং অব্যাহতভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...