হার্টের চিকিৎসার কারণে দীর্ঘ এক মাসের বেশি সময় পর দলীয় কর্মসূচিতে সরব হচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল শুক্রবার সকালে রাজধানীর ইব্রাহীমপুর এলাকায় কাফরুল দক্ষিণ থানা জামায়াত আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তিনি। সেখানে তার বক্তব্য দেয়ার কথা রয়েছে।
এর আগে গত ৩১ আগস্ট মিরপুরে ঘরোয়া একটি মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। এ ছাড়া ১ সেপ্টেম্বর দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমির। তবে সুস্থতার পর শুক্রবার প্রথমবারের মত তিনি দলের সাধারণ কর্মসূচিতে যোগ দিচ্ছেন।
এর আগে ৩০ জুলাই মগবাজারে দলীয় ঘরোয়া একটি কর্মসূচিতে বক্তব্য দেন জামায়াত আমির। সেদিনই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে এনজিওগ্রাম করে হার্টে একাধিক ব্লক ধরা পড়লে ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ২ আগস্ট তার সার্জারি করে চারটি ব্লকের বাইপাস করা হয়। ১০ দিন পর ১২ আগস্ট তিনি বসুন্ধরা এলাকার বাসায় ফেরেন। এতদিন সেখানেই অবস্থান করছিলেন তিনি। এ সময়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাত ও মতবিনিময় করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

