ডাকসু নির্বাচন

সেনা মোতায়েন প্রসঙ্গে অবস্থান জানালেন প্রধান রিটার্নিং কর্মকর্তা

সেনা মোতায়েন প্রসঙ্গে অবস্থান জানালেন প্রধান রিটার্নিং কর্মকর্তা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে অবস্থান স্পষ্ট করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি জানিয়েছেন, প্রয়োজনে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হবে, তবে বর্তমান পরিস্থিতিতে শঙ্কার কোনো কারণ নেই।

বৃহস্পতিবার বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

অধ্যাপক জসীম উদ্দিন বলেন, “ইতিহাসে প্রথমবারের মতো আবাসিক এলাকা ও একাডেমিক এরিয়ার বাইরে ভোটকেন্দ্র নেওয়া হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীরা নিরাপত্তা প্রশ্নে আমাদের কাছে উদ্বেগ প্রকাশ করেছে। তাই আমরা আশ্বস্ত করেছি—যদি নিরাপত্তাজনিত কোনো সংকট তৈরি হয়, সেনাবাহিনীর সহায়তা নেওয়া হবে। আমাদের পরিকল্পিত তিন স্তরের নিরাপত্তা বলয়ের সর্বোচ্চ স্তর হবে সেনাবাহিনী।”

তিনি আরও জানান, সেনা সহায়তা চাওয়ার বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। তবে সেনাবাহিনীর কোনো কর্মকর্তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে এখনো বৈঠক হয়নি। পরিস্থিতি বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারের পক্ষ থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনে সেনাবাহিনীকে কোনো দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও এ ধরনের সুযোগ নেই।

রিটার্নিং কর্মকর্তা কাজী মারুফুল হক বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা সংক্রান্ত দাবির প্রেক্ষিতেই সেনা মোতায়েনের প্রসঙ্গ এসেছে। তবে ভোটকেন্দ্রগুলো আবাসিক হলের বাইরে নেওয়ায় নিরাপত্তা নিয়ে এখন আর শঙ্কার কারণ নেই।

তিনি আরও বলেন, ভোট প্রদানে যেন কোনো সমস্যা না হয় সেজন্য পর্যাপ্ত বুথ স্থাপন করা হবে এবং সবাই ভোট দেওয়ার সুযোগ পাবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন