ফ্যাসিবাদের পথ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই: বুলবুল

ফ্যাসিবাদের পথ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই: বুলবুল

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, সরকারের নির্ধারিত সময়ের মধ্যে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। তবে তার আগে সংস্কার, গণহত্যার বিচার নিশ্চিতের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে। রাষ্ট্রের মৌলিক সংস্কার না করে যেনতেন ভাবে একটি নির্বাচন দিলে আবারো ফ্যাসিবাদের উত্থান ঘটবে। ফ্যাসিবাদের পথ বন্ধ করতে হলে পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই।

বিজ্ঞাপন

বুধবার কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে শহীদ ও আহত-পঙ্গুত্ব বরণকারীদের স্মরণে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে মতিঝিলে এতিম, দরিদ্র, অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ পূর্বক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যখন যারা ক্ষমতায় বসেছে, তারা তাদের স্বার্থে সংবিধানকে কাটাছেঁড়া করে বারবার সংশোধন করেছে উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, জুলাই আগস্ট আন্দোলনের চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ। এই বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে হলে রাষ্ট্রীয় সকল ব্যবস্থার সংস্কার করতে হবে। জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল সংস্কারে সহযোগিতা করলেও একটি রাজনৈতিক দল ও তাদের মিত্ররা সহযোগিতার পরিবর্তে নিজেদের দলীয় স্বার্থে নিজেদের মতো করে সংস্কার চায়। জুলাই গণঅভ্যুত্থান কোন একক ব্যক্তি বা দলকে সুবিধা দেওয়ার জন্য হয়নি। দেশ ও জাতির কল্যাণে বৈষম্যহীন একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে রূপ দেওয়ার জন্য জুলাই গণ-অভ্যুত্থান হয়েছে।

ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা- ৮ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন ও মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। উপস্থিত ছিলেন মতিঝিল দক্ষিণ থানা আমির মাওলানা মোতাছিম বিল্লাহ সহ স্থানীয় নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন