চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

বিগত সময়ে দেশের চিকিৎসকরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বলেছেন, রাজনৈতিক কারণে অনেক মেধাবী ও যোগ্য চিকিৎসক তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞান দেশের মানুষের কল্যাণে কাজে লাগানোর সুযোগ পাননি। এমন ঘটনা পৃথিবীর অন্য কোনো দেশে নজিরবিহীন। চিকিৎসকদের মেধা ও অভিজ্ঞতা কাজে লাগানোর ক্ষেত্রে যাতে ভবিষ্যতে আর কখনো কোনো সরকার বঞ্চিত না করে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

বিজ্ঞাপন

শনিবার ‘জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস’ উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর সুপার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের চিকিৎসকদের প্রশংসা করে মির্জা আব্বাস বলেন, আমাদের চিকিৎসকরা বিশ্বের অন্য কোনো দেশের চিকিৎসকদের চেয়ে কোনো অংশেই পিছিয়ে নেই। তাঁদের দক্ষতা ও মেধা নিয়ে গর্ব করার মতো যথেষ্ট কারণ রয়েছে। তিনি নিজে স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে রোবটিক ফিজিওথেরাপি চিকিৎসাসেবা নিচ্ছেন উল্লেখ করে বলেন, দেশের চিকিৎসা ও চিকিৎসকদের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে; সাধারণ রোগীরা দেশেই চিকিৎসাসেবা নিতে পারেন, তাই অপ্রয়োজনে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। তবে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন সেবাকে আরও প্রসারিত করার পাশাপাশি গণমাধ্যমে এর ব্যাপক প্রচারের ওপর জোর দেন তিনি। একই সঙ্গে বিপুল জনসংখ্যার বিপরীতে চিকিৎসকের সংখ্যা পর্যাপ্ত না থাকায় দেশে আরও বেশি চিকিৎসক তৈরির তাগিদ দেন।

বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক তাঁর নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, অপারেশন-পরবর্তী ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন সেবা একজন রোগীকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে। তিনি নিজেও এই সেবার মাধ্যমে সুস্থ হয়ে জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হিসেবে দেশের জন্য অবদান রাখতে পেরেছেন বলে উল্লেখ করেন।

বিএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, দুর্ঘটনা বা স্ট্রোকে আক্রান্ত রোগীরা চিকিৎসাধীন অবস্থায় গভীর মানসিক ট্রমা বা মানসিক যন্ত্রণায় ভোগেন। তাই শারীরিক চিকিৎসার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও সমানভাবে জরুরি।

দিবসের শুরুতে বিএমইউ ক্যাম্পাসের বটতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে সি ব্লকে গিয়ে শেষ হয়।

ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুরের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএমইউ’র উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার এবং ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদসহ বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষাবিদরা। বৈজ্ঞানিক পর্বে দেশের স্বাস্থ্যব্যবস্থায় ফিজিক্যাল মেডিসিন ও পুনর্বাসন চিকিৎসার গুরুত্ব এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...