ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, সংস্কারের নাম করে কোনো অবস্থাতেই নির্বাচন পেছানোর সুযোগ নেই। ভুল পথে গেলে বাংলাদেশের জনগণ কাউকে ক্ষমা করবে না।
বুধবার দুপুরে রাজধানী রামপুরা থানা বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন, একটি গোষ্ঠী ক্ষমতার মোহে নিজেরা স্বৈরাচারের মত কথা বলছে। স্বৈরাচারী মনোভাব নিয়ে কথা বলছে। শেখ হাসিনার বিচারের সাথে জাতীয় নির্বাচনের কোন সম্পর্ক নেই।
তিনি বলেন, দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারই শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের আওতায় আনতে পারবে। নির্বাচিত সরকারই দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে।
তিনি আরও বলেন, স্বৈরাচারের দোসররা বাংলাদেশে বসে বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে তারা বাংলাদেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে অন্তবর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায়।
আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। আমরা ঐক্যবদ্ধ থেকে এদেশের জনগণকে সাথে নিয়ে আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

