বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। মানবিক দল হিসেবে এদেশের অসহায় মানুষের জন্য কাজ করে চলেছে দলটি। বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়। জনকল্যাণেই বিএনপির রাজনীতির মূল শক্তি ও লক্ষ্য।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং-এ ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে "মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে" পাঁচ জন ক্ষতিগ্রস্ত অটোরিকশা চালকদের মাঝে পায়ে চালিত রিকশা ও নগদ অর্থ এবং একজন পঙ্গুকে নগদ অর্থ প্রদানকালে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি ডিএনসিসির অভিযানে বেশ কিছু ব্যাটারি চালিত রিকশা গুড়িয়ে দেয়ায় পাঁচ জন ক্ষতিগ্রস্ত রিকশা চালককে একটি করে রিকশা উপহার ও নগদ অর্থ প্রদান এবং একজন অসহায় পঙ্গুকে নগদ অর্থ প্রদান করেন আমিনুল হক। এসময় তিনি বলেন, অসহায় মানুষগুলো যারা দিন এনে দিন খায়, তাদের অল্টারনেট কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না করে এ ধরণের অমানবিক কার্যক্রম করা ভালো দেখায়নি। প্রথমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা শুরু করলেই তারা নিজেরাই আস্তে আস্তে এর থেকে সরে আসতো। তাদেরকে গুড়িয়ে দেয়ার প্রয়োজন হতো না।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু, মহানগর উত্তর বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, ঢাকা মহানগর উত্তর মহিলাদলের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা রুনা, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, রূপনগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুল হক প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

