সংস্কার ও নির্বাচন নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে: মজিবুর রহমান

সংস্কার ও নির্বাচন নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে: মজিবুর রহমান

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার দিকে মনোযোগী নয়, প্রশাসনে সরকারের নিয়ন্ত্রণ এখনো দুর্বল। এরকম চলতে থাকলে সংস্কার ও নির্বাচন কোনোটাই তারা ঠিকমত করতে পারবেন কিনা এ নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার এবি পার্টি ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতাদের এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘জনগণের স্বীকৃতি অর্জনের জন‍্য রাজনৈতিক দলের অন‍্যতম বাহন হলো নির্বাচনে অংশগ্রহণ করা। নির্বাচন মানে হলো জয়। পরাজিতদের এখানে কোনো গুরুত্ব থাকে না। জনগণ ভোট দিয়ে তাদেরকেই বিজয়ী করে, যাদের প্রতি তাদের আস্থা ও সমর্থন থাকে।’

তিনি বলেন, ‘পুরোনো দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে নতুন দলের নেতা ও প্রার্থীদের নাগরিক আস্থা ও সমর্থন অর্জন করা বিরাট চ্যালেঞ্জ। দলের নেতাকর্মীদের তিনি সেই চ্যালেঞ্জে সাফল‍্য অর্জনের নানা দিক নির্দেশনা দেন।’

রাজধানীতে প্রতিদিনই বিভিন্ন আন্দোলন ও কর্মসূচির কারণে সৃষ্ট জনভোগান্তির কথা উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘সরকারের উচিত যৌক্তিক দাবি দাওয়া বিবেচনার জন‍্য একটি শুনানি পরিষদ গঠন করা। যাদের কাজ হবে, দাবি দাওয়া গুলো শুনে একটা সমাধানের পথ বের করা, যাতে মানুষ আস্থা খুঁজে পায়। বৈষম্য ও বঞ্চনার শিকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যেন গণতান্ত্রিকভাবে তাদের আবেদন তুলে ধরতে পারে।

অন্তর্বর্তী সরকারের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে মজিবুর রহমান বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার দিকে তারা মনোযোগী নয়, প্রশাসনে তাদের নিয়ন্ত্রণ এখনো দুর্বল। এরকম চলতে থাকলে সংস্কার ও নির্বাচন কোনোটাই তারা ঠিকমত করতে পারবে না বলে জনমনে সংশয় তৈরি হচ্ছে।

মাস্টার আহছান উল্লাহর সভাপতিত্বে ও সদস‍্য সচিব প্রভাষক ফজলুল হক এবং নারী বিষয়ক সম্পাদক জাহানারা আক্তার মনির যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, দলের কেন্দ্রীয় অর্থসম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, সহসাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল ও কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক রিপন মাহমুদ।

প্রতিনিধি সভায় আরো বক্তব্য দেন, জেলা কমিটির যুগ্মআহ্বায়ক মোতাহের হোসেন বাহার, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, ফেনী পৌর শাখার আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিম, সদর যুগ্ম সদস্য সচিব হাফেজ কামরুল, যুব পার্টির আহ্বায়ক শফিউল্যাহ পারভেজ, সদস্য সচিব এসএম ইব্রাহিম সোহাগ প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন--এবি পার্টি ফেনী জেলার যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, কোষাধ্যক্ষ শাহ আলম শাহীন সুলতানী, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব উল্যাহ মিয়াজী, সমাজসেবা সম্পাদক এবি সিদ্দিক, সহদপ্তর সম্পাদক নাজরানা হাফিজ অমলান, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হাফিজ খন্দকার, সদস্য কাজী জাহাঙ্গীর আলম, ফেনী সদর উপজেলা সদস্য সচিব আবু সাইদ যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম সবুজ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন