বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগমে মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা জমে যায়। পরে এসব ময়লা-আবর্জনা দেখে পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিতের নেতৃত্বে মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা নিজেদের উদ্যোগে মাজার প্রাঙ্গণ ও আশপাশের সড়কসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
পরিচ্ছন্নতা কার্যক্রমের বিষয়ে কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। সেই ধারাবাহিকতায় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, আমরা যেন আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। তার নির্দেশনার ধারাবাহিকতায় আজকে আমাদের এ কার্যক্রম শুরু করেছি।’
তিনি বলেন, ‘আমরা একটু সচেতন হলে আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন হবে। আর আমাদের চারপাশ যখন পরিচ্ছন্ন হবে, ঠিক তখন একইভাবে আমাদের দেশটাও একদিন পরিষ্কার হয়ে যাবে।’
ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, শুধু কোনো বিশেষ দিবস বা কর্মসূচিকে কেন্দ্র করে নয়, নিয়মিতভাবে নিজেদের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


